সামনেই একুশের বিধানসভা নির্বাচন। এবারের নির্বাচনে বাংলাকে পাখির চোখ করেছে বিজেপি। একের পর এক তারকা যোগ দিচ্ছে পদ্ম শিবিরে। অনেকেই আবার দলবদল করে আসছেন বিজেপি। গত বুধবারই গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন টলিউড অভিনেতা যশ দাশগুপ্ত। দুদিন আগে যোগ দিয়ে আজই অমিত শাহ্’র সঙ্গে সাক্ষাৎ করলেন অভিনেতা।
বুধবার রাতেই একঝাঁক কর্মসূচী নিয়ে কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল গোটা দিন দক্ষিণ ২৪ পরগণার নানান জায়গায় একাধিক কর্মসূচী সেরে সন্ধ্যায় কলকাতা ফেরে শাহ। এরপর আজ সকালে নিউটাউনের এক পাঁচতারা হোটেলে যশের সঙ্গে দেখা করেন তিনি।
দেব-মিমি-নুসরতের মতো যশও টলিপাড়ার বেশ জনপ্রিয় তারকা। গত বেশ কিছুদিন ধরেই তৃণমূল সাংসদ নুসরত জাহানের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার গুঞ্জন শোনা যাচ্ছে। এই সময় যশের বিজেপিতে যোগ দেওয়ার ঘটনা যে বেশ তাৎপর্যপূর্ণ, তা আর বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন- WB Election 2021: লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ গেরুয়া শিবিরের! অমিত শাহ্’র হাত ধরে আজই বিজেপিতে হিরো হিরণ
বুধবার বিজেপিতে যোগ দিয়েই যশ বলেন যে তাঁর নজরে রয়েছে যুবসমাজ। এও জানান যে, তিনি ভোটে দাঁড়াতেও রাজী। এদিন তিনি আরও বলেন যে “দিদিকে নিয়ে আমার মনে এখনও শ্রদ্ধা রয়েছে। আমি ওঁকে অনেক ভালোবাসি। আমি এখনও নিজেকে তাঁর ছোটো ভাই বলে মনে করি। বিজেপিতে যোগ দিয়েছি বলে এই নয় ওঁর সম্পর্কে কোনও ভুল মন্তব্য করব”।
এসবের মধ্যে আজ যশের অমিত শাহ্’র সঙ্গে দেখা করা নিয়ে তৈরি হচ্ছে জল্পনা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কী যশ এবারের ভোটে দাঁড়াচ্ছেন? তবে সেই প্রশ্নের উত্তর সময়ই দেবে।





