বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় সিরিয়াল হিসেবে উঠে এসেছিল ‘এখানে আকাশ নীল’। গত বছরই শেষ হয় এই সিরিয়ালটি। মাঝে পরিবর্তন হয়েছিল নায়িকা। মেনে নিতে পারেনি ভক্ত-দর্শকরা। সোশ্যাল মিডিয়া জুড়ে চলে বিক্ষোভ।
আর সেই বিপুল পাবলিক ডিমান্ড থাকা অভিনেত্রী অনামিকা চক্রবর্তী কেমন আছেন? আজকাল করছেনই বা কী?
অভিনয়কে পেশা হিসেবে বেছে নেওয়ার ইচ্ছে অনামিকার কোনোদিনও ছিল না। বাংলা ইন্ডাস্ট্রিতে নামার আগে ব্যাঙ্গালোরে চাকরি করতেন অনামিকা। তবে মেয়াদকাল ছিল মাত্র এক বছর। ছোট থেকেই মামারবাড়ীতে মানুষ অনামিকাকে তাঁর মামা এক প্রকার জোর করে ‘রাজযোটক’ ধারাবাহিকের অডিশনে নিয়ে গিয়েছিলেন। ভাগ্যের জোরে প্রথম অডিশনেই বাজিমাত। ওই সিরিয়ালের হাত ধরেই প্রথম টেলিভিশনের পর্দায় আসা। এরপর ২০১৭ তে হইচইতে ওয়েব সিরিজ ‘হোলি ফাক’-এ অভিনয়। এই ওয়েব সিরিজের দ্বিতীয় দফাতেও অভিনয় করেন অনামিকা।
অভিনয় ক্যারিয়ারে কোনও দিনই পিছন ফিরে তাকাতে হয়নি এই অভিনেত্রীকে। ২০১৮ সালে ‘আসছে আবার শবর’ -এর মাধ্যমে সেলুলয়েডের পর্দায় মুখ দেখান অনামিকা। সেই বছরই ‘তোর অপেক্ষায়’ নামের একটি ছবিতে অভিনয় করেন এই অভিনেত্রী।
এরপর ফের ছোটপর্দায় ফেরা। শন ব্যানার্জীর বিপরীতে ২০১৯ সালে জনপ্রিয় সিরিয়াল ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করেন তিনি। এখানেই হিয়ার চরিত্র তাঁকে দর্শকদের নজর এনে ফেলে। এই চরিত্রের মাধ্যমেই লাইম লাইটে আসেন অভিনেত্রী। উজান-হিয়ার অনস্ক্রিন রসায়নে মজে টেলিভিশনের দর্শককুল। কিন্তু সেই সিরিয়াল শেষ হয়েছে অনেকদিন হয়ে গেল। এখন কী করছেন অভিনেত্রী?
জানা গেছে লকডাউন কাটলেই পরিচালক সপ্তাশ্ব বসু পরিচালিত সিনেমা ‘জতুগৃহ’-এর শুটিং শুরু করবেন তিনি। যেখানে অনামিকার বিপরীতে অভিনয় করার কথা রয়েছে বনি সেনগুপ্ত’র।





