ডিজিটাল যুগে এখন সব কিছুই খুঁজে বের করা যায়। পুরোনো কোনো নথি থেকে শুরু করে ভিডিও, ছবি সবকিছু। যে কোনো সময়ে অতীতের কোনো ঘটনা, ব্যক্তিকে বিব্রত করতে পারে। যেমনটা হয়েছে অভিনেত্রী কাজলের (Kajol) ক্ষেত্রে। কয়েক বছরের পুরনো ঘটনা এখন নতুন করে ভাইরাল হয়ে গিয়েছে।
কয়েক বছর আগে সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তি কাজলের নামে গুরুতর অভিযোগ আনেন। ওই ব্যক্তি দাবি করেন, মুম্বইয়ের এক রেস্তরাঁয় তাঁর ভাইয়ের সঙ্গে কাজল (Kajol) দুর্ব্যবহার করেছেন। ওই ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, “গত কাল আমার ভাই যে রেস্তরাঁয় কাজ করে, সেখানে বন্ধুদের নিয়ে কাজল খেতে এসেছিলেন।” তিনি জানান, তাঁর ভাই বিশেষ ভাবে সক্ষম। তা সত্ত্বেও তাঁর উপর বিল দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল বিশেষ কারণে। তিনি লেখেন, “আসলে আমার ভাই কাজলের গুণমুগ্ধ। সে জন্যই কর্তৃপক্ষ তাকে কাজলের বিল দেওয়ার দায়িত্বটি দেয়।” ওই ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তাঁর ভাই কাজলের ভক্ত। কাজলকে সামনে থেকে দেখে তার ভাই আনন্দে কাঁদতে শুরু করেন। এমন অবস্থায় ভক্তকে কাঁদতে দেখে কাজল বলেন, “হয়ে গিয়েছে? নাটক বন্ধ করে এ বার বিলটা দিন!”
কয়েক বছরের পুরনো পোস্ট, নতুন করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতে শুরু করেছে। রীতিমতো ভাইরাল হয়েছে এই পোস্ট। এই পোস্ট দেখে কাজলের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়েছে। কাজলকে নিয়ে রীতিমতো ট্রোলিং শুরু হয়েছে। এই পোস্টে অনেকেই তাদের মতামত শেয়ার করে নিয়েছেন। কেউ বলছেন, বিশেষভাবে সক্ষম অনুরাগীর সাথে এরকম ব্যবহার কীভাবে করলেন অভিনেত্রী? আবার কেউ লিখেছেন, “বলিউডের ইতিহাসে সব থেকে রূঢ় অভিনেত্রী কাজল (Kajol)“। তবে কাজলের তরফে এই প্রসঙ্গে কোনো মন্তব্য মেলেনি।
তবে সম্প্রতি কাজল (Kajol) ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেছেন। দিয়েছেন একটি বার্তা। ছবির ক্যাপশনে কাজল লিখেছেন, “যখন আপনি অযৌক্তিক কোনও কিছুর জন্য তৈরি থাকেন না, তখন নিজেকে গুছিয়ে নিতে কিছুটা সময় লাগে।” কাজলের পোস্টের এই ক্যাপশন পড়ে অনেকেই মনে করেছেন, কাজল তার সাথে ঘটে চলা সাম্প্রতিক ট্রোলিংয়ের জবাব দিয়েছেন এভাবে।
View this post on Instagram
উল্লেখ্য, কিছুদিন আগেই কলকাতায় হিন্দি ছবি ‘মা’-এর শুটিং করে গেছেন অভিনেত্রী। সেসময় মা ও ছেলেকে নিয়ে দক্ষিণেশ্বরে পুজো দিতেও দেখা যায় তাকে। ওই ছবির শুটিং মূলত হয়েছে বোলপুরে। তাছাড়াও উত্তর কলকাতা ও পার্ক স্ট্রিটে ছবির কিছু কিছু দৃশ্য শুটিং হয়েছে। এরপর কাজলকে (Kajol) দেখা যাবে ‘দো পাত্তি’ ছবিতে।





