পুরনোর মধ্যে নতুনকে খুঁজে পেলেন কনীনিকা! নিজের পুরনো কাজের ভিডিও দেখে নস্টালজিক অভিনেত্রী

ফের আবার কাজে ফিরেছেন। অনেকদিন পর তাঁকে আবার টিভির পর্দায় দেখছেন অনুরাগীরা।ছোটপর্দায় ‘এক আকাশের নীচে’ ধারাবাহিক করে অভিনয় জগতে জনপ্রিয়তা পেয়েছেন এই জনপ্রিয় ও পরিচিত ব্যক্তিত্ব। কথা হচ্ছে কনীনিকা বন্দোপাধ্যায়ের।

এদিন সোশ্যাল মিডিয়ায় নিজের পুরনো কাজের একটি ছোট অংশ শেয়ার করেছেন অভিনেত্রী। যেখানে তিনি ছাড়া দেখা গিয়েছে ইন্দ্রানী বসু ও রজতাভ দত্তকে। ‘এক আকাশের নীচে’ ধারাবাহিক তুমুল জনপ্রিয়তা পেয়েছিল দর্শকদের কাছে। এমনকি কনীনিকার চরিত্র ‘পাখি’ও বেশ পরিচিতি লাভ করেছিল। আজ ২১ বছর পরে ‘এক আকাশের নীচে’ মিলে গিয়েছে ‘আয় তবে সহচরী’তে এসে। কিন্তু কী করে?

এই মুহূর্তে অভিনেত্রীকে দেখা যাচ্ছে ‘আয় তবে সহচরী’ ধারাবাহিকে। তবে এদিন অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তাঁর পুরনো কাজের ভিডিওর অংশ দেখে বর্তমান ধারাবাহিকের মিল খুঁজে পাওয়া গিয়েছে। ভিডিওতে দেখা যায় রজতাভ দত্তের চরিত্রটি হঠাৎই ইন্দ্রানীর হাত ধরে গেয়ে ওঠেন ‘আয় তবে সহচরী’।

তাতেই এক হয়ে গেল অভিনেত্রীর অতীত এবং বর্তমান। শেষ কাজ করেছিলেন ২০১৮’তে। জনপ্রিয় ধারাবাহিক ‘অন্দরমহল’-এ। তারপর মেয়ের জন্ম হওয়ার পর বিরতিতে ছিলেন। এখন ফের আবার দীর্ঘ কমিটমেন্টে কাজ শুরু করেছেন অভিনেত্রী। সেই প্রসঙ্গে নিজেই কিছুদিন আগে লাইভে এসে বলেন, “অনেক বছর পরে মেগা করছি। তার জন্য এক্সাইটেড। কিন্তু কিয়া বুড়িকে বাড়িতে রেখে শুটিং করব, তার জন্য এখনও মনের মধ্যে চাপ চলছে। কারণ ও বড্ড ছোটো। মাত্র দু বছর বয়স। এখন বাড়িতে ঢুকলেও ও আমাকে বলে গুড নাইট। মানে ওর ধারণা হয়ে গিয়েছে, মা শুধু ঘুমনোর সময় আসে। সেটা কোনওভাবে আমাকে ম্যানেজ করতে হবে। ওয়ার্কিং মায়েদের জীবনে এই সমস্যাগুলো থাকেই। কিয়াকে সামলে যতটা সম্ভব করছি টুক টুক করে। মাঝে মাঝে মনে হচ্ছে ওকে একটু বেশিই ইগনোর করে ফেলছি।”

এদিন নিজের পুরনো কাজের ভিডিওর মধ্যে নতুন কাজের মিল খুঁজে পেয়েছেন কনীনিকা। এদিকে এখন তিনি কাজ করছেন ধারাবাহিকের রুটিনে। অনেকটা সময় ছেড়ে থাকেন মেয়ে কিয়াকে। যা নিয়ে তিনি বলেন, “কিয়াকে রেখে কাজ করা কঠিন। এই দু’বছর তো আমিই ওর সব কিছু করেছি। মা, বাবারও বয়স হয়েছে। কিয়া তো জানেই না, মা কাজ করত। ধীরে ধীরে ও রিয়ালাইজ করবে, মা কাজে ফিরবে, কাজ করবে, এটা বুঝতে পারবে নিশ্চয়ই।” পাশাপাশি এদিন তাঁর পোস্ট করা ভিডিও দেখে নস্টালজিক হয়েছেন তারঁ অনুরাগীরাও।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর