মধুমিতা সরকার, এই মুহূর্তে টলিপাড়ার সবচেয়ে পরিচিত মুখ। টেলিভিশন থেকে শুরু করে বড় পর্দা, সব জায়গাতেই সবসময় নিজের সেরাটা তুলে ধরেছেন অভিনেত্রী। শিশুশিল্পী হিসেবে ‘সবিনয়ে নিবেদন’ দিয়ে তার অভিনয় জীবন শুরু। এরপর একে একে ‘কেয়ার করি না’, ‘বোঝেনা সে বোঝেনা’, ‘কুসুমদোলা’-এই ধারাবাহিকের মাধ্যমে খুব অল্প সময়েই দর্শকের মন জয় ফেলেন মধুমিতা। এরপর ‘লাভ আজ কাল পরশু’ সিনেমার মাধ্যমে শুরু হয় তার বড় পর্দায় পথ চলা। অর্জুন চক্রবর্তীর সঙ্গে তার অনস্ক্রিন রসায়ন বিশেষ চর্চিত হয় দর্শকমহলে। এরপর অর্জুনের সঙ্গেই তাকে দেখা যাবে হইচই প্ল্যাটফর্মের ওয়েব সিরিজ ‘দেবদাস ও একটি খুনের গল্প’-এ।
নিজের ব্যক্তিগত জীবন হোক বা অভিনয়ের কোনও চরিত্র, সব ক্ষেত্রেই বেশ সাবলীল তিনি। টেলিভিশন অভিনেতা ও পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে গত বছরই তার বিবাহবিচ্ছেদ হয়। এই নিয়ে অবশ্য মধুমিতা বিশেষ কিছু বলেন নি। এখন মধুমিতা সোশ্যাল মিডিয়ার ‘হার্টথ্রব’। নিজের বিভিন্ন হট অবতারে হামেশাই সোশ্যাল মিডিয়াতে উষ্ণতা ছড়াতে দেখা যায় তাকে।

সেই মধুমিতারই আজ দশমীর দিন জন্মদিন। কিন্তু প্রিয় অভিনেত্রীর জন্মদিনের সেলিব্রেশন গতকাল থেকেই শুরু হয়ে গেছে। কিন্তু এ বছর নিজের বন্ধুবান্ধবের সঙ্গে নয়, বরং নিজের অনুরাগীদের সঙ্গে জন্মদিন পালন করলেন অভিনেত্রী। করোনা পরিস্থিতির জেরে এ বছর মধুমিতার ফ্যান ক্লাবের সঙ্গে বড় কোনও আয়োজন হয়নি। হাতে গোনা কয়েকজন অনুরাগী হাজির হন মধুমিতার বাড়ি। সেখানেই তারা মধুমিতার হাতে তুলে দেন বিভিন্ন উপহার। এরপর কেক কেটে মজার সঙ্গে নিজের অনুরাগীদের সঙ্গে জন্মদিন পালন করেন মধুমিতা।

অভিনেত্রীকে তার আসল জন্মদিন অর্থাৎ আজকের দিনের প্ল্যানের কথা জিজ্ঞেস করায় উত্তর আসে যে, এ বছর বিশেষ কোনও জাঁকজমক হবে না, সারাদিন বাড়িতেই থাকবেন তিনি। করোনা পরিস্থিতির জন্য এ বছর পুজোটা বাড়িতেই কাটাচ্ছেন তিনি। তাই এ বছর জন্মদিনটাও পরিবারের সকলের সঙ্গেই পালন করতে চান মধুমিতা।






