মনামী ঘোষ বাংলার পর্দার বেশ জনপ্রিয় মুখ। টেলিভিশনে অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকটি ছবিতেও নিজের সেরা অভিনয় তুলে ধরেছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় তিনি। তার পোস্ট করা সব ছবিই যেন মুহূর্তে ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।
সম্প্রতি অভিনেত্রী নিজের ইনস্টগ্রামে পোস্ট করেছেন আরও একটি ছবি যা বেশ ভাইরাল হয়েছে। জেব্রা প্রিন্টের ওয়ান পিসের সঙ্গে গাঢ় লাল লিপস্টিক, চোখে মোটা কাজল ও খোলা চুল, সব মিলিয়ে ছবিতে এক উষ্ণ পরিবেশ তৈরি করেছেন অভিনেত্রী। তার এই বোল্ড লুকে মজেছে নেট জনতা। এই ছবি পোস্ট করার পরে কমেন্ট বক্সে রীতিমতো ঝড় বয়ে গেছে মনামীর।
অন্য একটি ছবিতে তাকে আবার দেখা গেছে দাবার বোর্ডের প্রিন্ট করা একটি ক্রপ টপ ও ডেনিমে। সাহসী এই লুকে নিজের ভক্তদের অনেক প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী। সম্প্রতি তার শেয়ার করা ছবি দেখলে ধারণা করা যায় যে, মনামী হয়ত সাদা-কালো রঙ বিশেষ পছন্দ করেন। আর তাই নিজের স্টাইলের জন্য এই রঙদুটিকেই বেছে নিয়েছেন তিনি।
এর আগেও একটি লং শার্টের সঙ্গে কালো রঙের একটি শর্টস্কার্ট পরে একটি পানীয়ের গ্লাস হাতে ছবি শেয়ার করেন তিনি। ক্যাপশনে লেখা “বেশী করে জল খেয়ে সুস্থ থাকুন”। এর পরের ছবি দেখলে অবশ্য জানা যায়, জল নয়, তিনি আদপে স্মুদি খাচ্ছিলেন। শুধু ছবি নয়, নিজের বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন মনামী। ইউটিউবে তার নিজস্ব চ্যানেলে প্রায়ই নিজের বিভিন্ন নাচের ভিডিও শেয়ার করেন তিনি। তার এসব নাচের ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।
পুজোর কিছুদিন আগেই শেষ হয়েছে মনামী অভিনীত ধারাবাহিক ‘ইরাবতীর চুপকথা’। পুজোর আগে মুক্তি পেয়েছিল এসভিএফ প্রযোজিত ‘দুগগা এলো’ গানটি। এই গানে অংশগ্রহণ করেন মনামীও। সেখানেও তার পরিবেশন প্রশংসিত হয়েছে। খুব তাড়াতাড়িই তিনি আবার কাজে ফিরবেন বলে জানা গিয়েছে। বর্তমানে একটি ওয়েব সিরিজের কাজে মন দিয়েছেন অভিনেত্রী।





