মুম্বাইয়ের রাস্তায় হামলা হল অভিনেত্রী পায়েল ঘোষের উপর। এর আগে পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন অভিনেত্রী। এই বাঙালি অভিনেত্রীর অভিযোগকে ঘিরে সেইসময় তোলপাড় হয়েছিল গোটা বলিউড। তবে এবার নিজেই হামলার মুখে পড়েছেন পায়েল।
প্রসঙ্গত এদিন কাজ সেরে বাড়ি ফেরার পথে হামলা হয় অভিনেত্রীর উপর। তাঁর অভিযোগ, তিনি যখন নিজের গাড়িতে উঠতে যাবেন তখনই মাস্ক পরা কয়েকজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী এসে চড়াও হয় তাঁর উপরে। তাঁর কাছ থেকে জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যায় তারা। এরপরই রড দিয়ে হামলা হয় অভিনেত্রীর উপর। জানান তাদের কাছে ছিল কাচের বোতল। সেই বোতলে অ্যাসিড ছিল বলেই তিনি নিশ্চিত করেছেন। সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছে সেই পুরো ঘটনার ভিডিও।
View this post on Instagram
এদিন বঙ্গ তনয়ার উপর হামলা হওয়ার ভিডিও ইনস্টাগ্রামে তাঁরই ফ্যান পেজ থেকে শেয়ার করা হয়েছে। থানায় এফআইআর দায়ের করার প্রসঙ্গে পায়েল জানিয়েছেন, “ওরা আমাকে রড দিয়ে মাথায় মারার চেষ্টা করেন। কিন্তু সৌভাগ্যবশত মাথায় কোনও চোট লাগেনি। আমি পালাতে যাই এবং চিৎকার করি। তখনই একটি রড আমার বা হাতে এসে পড়ে এবং আমি আহত হই।”

দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিনেত্রী সংবাদমাধ্যমকে আরও জানিয়েছেন। তিনি বলেছেন, “আমি ড্রাইভিং সিটে বসতে গিয়েছিলাম। তখনই কয়েকজন এসে চড়াও হয়। ওদের হাতে অ্যাসিডও ছিল। আমি ওদের মুখ দেখতে পাইনি। আমি আর আমার ভাই থানায় গিয়ে এফআইআর করব।” এদিনের ঘটনায় রীতিমত ভয় পেয়েছেন অভিনেত্রী। জানালেন, “এই ধরনের ঘটনা এর আগে কখনো ঘটেনি। মুম্বাইতে থাকাকালীন অবস্থায় এই প্রথম এরকম অভিজ্ঞতার মুখোমুখি হলাম। জানিনা কি করে এমন হলো!”

কাজের সূত্রে প্রায়ই নানা সময়ে বেরোতে হয় অভিনেত্রীকে। এতদিন মুম্বাইয়ে থাকার পর হঠাৎ তাঁর সঙ্গে এরকম ঘটনা কেন ঘটল? তা নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে।





