উত্তরপ্রদেশ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যানাথের ভূয়সী প্রশংসা করলেন বলি তথা হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। যোগীর শাসনকালে সে রাজ্যে মহিলাদের পরিস্থিতি অনেক ভালো হয়েছে, এমনটাই জানালেন বলিউডের ‘দেশি গার্ল’। তাঁর মতে, এমনই পরিবর্তন দরকার ছিল।
UNICEF-এর গুডউইল অ্যাম্বাসাডর হয়ে প্রিয়াঙ্কা চোপড়া লখনউয়ে গিয়েছিলেন। সেখানকার অঙ্গনওয়াড়ি, নারীকল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন। সেখানেই আমেরিকা-ফেরত অভিনেত্রীকে প্রশ্ন করা হয় উত্তরপ্রদেশে তিনি কী কী পরিবর্তন দেখতে পাচ্ছেন। প্রিয়াঙ্কা জানান, দু’দিনের উত্তরপ্রদেশের এসে তিনি অনেক পরিবর্তন দেখতে পেয়েছেন। আর এই পরিবর্তনই প্রয়োজন ছিল।
প্রিয়াঙ্কার কথায়, উত্তরপ্রদেশে এখন অনেক বেশি সংখ্যক মেয়েরা স্কুলে যায়। শিশুদের সুরক্ষা ও পুষ্টির দিকেও এখন আগের চেয়ে অনেক বেশি খেয়াল রাখা হচ্ছে।
উত্তরপ্রদেশের লালপুর গ্রামের এক অঙ্গনওয়াড়িতে গিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানে শিশুদের পুষ্টিগুণের খেয়াল রাখা হয় একটি অ্যাপের মাধ্যমে। এক ভিডিও বার্তার মাধ্যমে সেই অ্যাপের প্রশংসা করেন প্রিয়াঙ্কা। তাঁর সেই ভিডিও সোশ্যাল মাধ্যমে শেয়ার করেন কেন্দ্রীয় নারী ও শিশুসুরক্ষা মন্ত্রী স্মৃতি ইরানি।
তবে প্রিয়াঙ্কার এই লখনউ সফর নিয়ে সেখানকার একাংশের মধ্যে বেশ অসন্তোষ দেখা দেয়। “নবাবের শহর তোমায় চায় না”, এমন পোস্টারও দেওয়া হয়। তবে ঠিক কী কারণে এই অসন্তোষ, তা সঠিকভাবে জানা যায়নি। শোনা যাচ্ছে যে প্রিয়াঙ্কা হলিউড সিরিজ ‘কোয়ান্টিকো’তে হিন্দু সন্ত্রাসবাদী হিসেবে অভিনয় করেছিলেন। সেই কারণেই হয়ত প্রিয়াঙ্কার সফরের বিরুদ্ধে এই পোস্টারগুলি দেওয়া হয়েছে।





