‘তৃণমূলে থেকে বিজেপির দালালি করলে কড়া ডোজ পড়বে, কখন টপকে যাবেন, নিজেদের বুঝতেই অসুবিধা হবে’, বিতর্কিত মন্তব্য মদনের গলায়

ফের একবার বিরোধীদের শানিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তৃণমূলকে বদনাম করার চেষ্টা করা হলে কড়া ‘ডোজ’ দেওয়া হবে বলে জানান তিনি। তাঁর এহেন মন্তব্যে বেশ বিতর্ক ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় এমন মন্তব্য ভাইরাল হওয়ার পর রাজনৈতিক মহলেও এই নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে।

বেলঘরিয়া টেক্সমেকো কারখানায় কর্মী সংগঠনে ফের নতুন করে মাথাচাড়া দিচ্ছে বিজেপি। আর এর পিছনে তৃণমূল কর্মীদের একাংশের বড় ভূমিকা রয়েছে বলেও মনে করছে দলীয় নেতৃত্ব। এই বিষয়টি জানতে পেরেই স্থানীয় তৃণমূল বিধায়ক মদন মিত্র কারখানার বাইরে সভা করেন। এই সভাতেই কারখানার কর্মীদের হুঁশিয়ারি শানান মদন মিত্র।

এদিন তিনি বলেন, “পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে যদি কেউ ক্ষতি করার চেষ্টা করেন, তৃণমূল কংগ্রেসের ভিতরে থেকে বিজেপির দালালি করেন, বাইরে থেকে নোংরামি করে গায়ে কালি ছিটিয়ে তৃণমূলের বদনাম করার চেষ্টা করেন, তার ডোজ কেমন করে দিতে হয় এটা তৃণমূলের কর্মীরা ভালো করে জানে”।

তিনি আরও বলেন, “ভিতরে ভিতরে কারা ঘোটবাজি করছে আমি সব খবর পাচ্ছি”। শুধু তাই-ই নয়, এদিন নন্দকুমারের সমবায় সমিতির ভোট প্রসঙ্গও উল্লেখ করেন মদন মিত্র। বলেন, “যদি বিজেপি, সিপিএম মনে করে এটাকেও নন্দকুমার বানাব, আমি থ্রেট করছি না, তবে আসা যাওয়ার পথে একটু সাবধানে আসবেন। রাস্তায় খানাখন্দ আছে, বাম্পার আছে, কখন কোথায় টপকে যাবেন তখন নিজেদের বুঝতেই অসুবিধা হবে”।

সামনেই পঞ্চায়েত নির্বাচন। এই ভোটকে সামনে রেখেই আপাতত লড়াই চলছে শাসক-বিরোধীর মধ্যে। তবে এরই মাঝে দলের কর্মীদের একাংশের ভূমিকায় কেন সন্দেহ প্রকাশ করলেন মদন মিত্র, তা নিয়ে প্রশ্ন তো উঠেছেই। তবে ওয়াকিবহাল মহলের কথায়, তিনি নিশ্চয় এমন কিছু বুঝেছেন, সেই কারণেই এমন মন্তব্য করেছেন। যদিও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই বিষয়ে কোনও গুরুত্ব দিতে নারাজ।

RELATED Articles