‘আমরা কি গরু-ছাগল নাকি, অভিনয় করা সহজ নয়’, ইন্ডাস্ট্রির কাজের নয়া ধরণ নিয়ে দুঃখপ্রকাশ রত্না ঘোষালের

তিনি স্বর্ণযুগের এক উজ্জ্বল নক্ষত্র। উত্তমকুমার, সুচিত্রা সেন, সুপ্রিয়া চৌধুরী, মাধবী মুখোপাধ্যায়ের মতো কিংবদন্তি অভিনেতাদের সঙ্গে তিনি কাজ করেছেন। রত্না ঘোষাল (Ratna Ghosal) নামটি বাংলা সিনেমার দর্শকদের কাছে খুবই পরিচিত। বহু বাংলা ছবিতে তার অভিনয় প্রতিভার সাক্ষী হয়েছে দর্শকরা।

স্বর্ণযুগের পরবর্তী সময়েও তিনি নিয়মিত বাণিজ্যিক বাংলা ছবিতে কাজ করে গেছেন। চলচ্চিত্রের পাশাপাশি তিনি ধারাবাহিক, নাটকেও অভিনয় করেছেন। মাসখানেক আগেও তাকে একটি ধারাবাহিকে দেখা গিয়েছিল। কিন্তু এখন কোথাও দেখা যাচ্ছে না রত্না ঘোষালকে (Ratna Ghosal)। কোথায় হারিয়ে গেলেন তিনি? কেন আর দেখা যাচ্ছে না সিনেমা বা ধারাবাহিক?

সম্প্রতি ‘আম অর্পিতা’ নামক একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে রত্না ঘোষাল (Ratna Ghosal) জানিয়েছেন তার অভিনয় ছাড়ার কারণ। তিনি খুবই অভিমানী হয়ে উঠেছেন। সম্প্রতি টলিউড ইন্ডাস্ট্রির কাজের ধরন তাঁর একদমই পছন্দ হচ্ছে না। তাঁর মতে, ইন্ডাস্ট্রিতে আন্তরিকতার অভাব বেড়েছে। যে পরিবেশে তিনি একসময় কাজ করেছেন, তা এখন আর নেই।

রত্না ঘোষাল (Ratna Ghosal) বলেন, “আমাদের সময়ে পরিচালক ছিলেন ফ্লোরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। ছোটবেলা থেকে শিখেছি, ফ্লোরে ঢুকে প্রথমেই পরিচালকের ‘গুড মর্নিং’ বলতে হয়। এরপর টেকনিশিয়ানদের। এখন আমি যখন ফ্লোরে ঢুকে পরিচালকের সুপ্রভাত বলি, তিনি আমার দিকে তাকিয়েও মুখ ঘুরিয়ে চলে যান। এই ধরনের ব্যবহার কেন মেনে নেব!”

আগেকার দিনে কেমন ভাবে কাজ হত, সেই স্মৃতি হাতড়ে অভিনেত্রী রত্না ঘোষাল জানান, স্বর্ণযুগে পরিচালকের সহকারীরাই এসে দৃশ্য বুঝিয়ে দিতেন, সংলাপ পড়িয়ে দিতেন। অন্যান্যরা রিহার্সাল করতেন, তারপর দৃশ্যের শুটিং করতেন। কিন্তু এখন আর সেই রীতি নেই। শুধু সংলাপের পাতা হাতে ধরিয়ে দেওয়া হয়। রত্না ঘোষাল (Ratna Ghosal) দুঃখ করে বলেন, “আমরা কি গরু-ছাগল নাকি! অভিনয় করা সহজ নয়। এর জন্য প্রস্তুতি দরকার, চরিত্রকে বুঝতে হয়, অনুভব করতে হয়। এখনকার কাজের পরিবেশের সঙ্গে আমি মানিয়ে নিতে পারছি না। তাই আমার কাজ করতেও ইচ্ছে করে না।” রত্না ঘোষালের এই অভিমানের পেছনে রয়েছে আন্তরিকতার অভাব এবং কাজের পরিবেশের পরিবর্তন। একসময়ের জনপ্রিয় এই অভিনেত্রী আজ নীরব অভিমানের বশে অভিনয় জগৎ থেকে সরে গেছেন।

RELATED Articles