‘অভিনয় জীবনকে আপন না করলে পেশা হিসেবে কী বেছে নিতেন?’অনেক তারকাকেই হয়তো এই ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। এবার সংবাদমাধ্যমের সঙ্গে লাইভ সেশনে সাক্ষাৎকার দেওয়ার সময় এরকমই কিছু প্রশ্নের উত্তর দিতে হল টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকারকে। যদিও বা তিনি তার জবাব মজার ছলেই দিয়েছেন।
জবাবে অভিনেত্রী জানিয়েছেন, “কোনও গুণই নেই আমার। অভিনয় ছাড়া আর কোনও কাজ করতে জানিনা। দিন কয়েক আগে শিক্ষকতা করেছিলাম। দেখলাম যত সহজে জ্ঞান দিতে পারি, ততো ভালো পড়াতে পারিনা। ছোটদের তো একেবারেই নয়।” এদিন অনুরাগীর প্রশ্নের উত্তর দিতে গিয়ে রায়গুণাকর ভারতচন্দ্র ‘অন্নদামঙ্গল’ কাব্যের দেবী কথাকে মিশিয়ে ফেলেছেন তিনি। “কোনও গুণ নাই আমার। কিন্তু খুব ভালো রাঁধতে জানি। অভিনেত্রী না হলে হয়তো ভালো রাঁধুনী হতাম।”
এমনিতেই গতবছর দিয়ে করোনার প্রকোপে বন্ধ ছিল সমস্ত কাজ। সেই সময় অভিনয় ছাড়া তারকাদের আরও নানা প্রতিভা সামনে এসেছে। কেউ মন দিয়েছেন শরীর চর্চায়, কেউ বা নিজের গান-নাচ-সহ আরও নানা প্রতিভাকে তুলে ধরেছেন দর্শকদের সামনে। একইভাবে লকডাউনে হতেই কোনও কাজ না থাকায় রান্না করেই নিজের অবসাদ ভুলেছিলেন সোহিনী।
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তিনি। কিন্তু করোনা আর লকডাউনের জেরে ছিলনা কোনও কাজ। তাই বাকি তারকাদের মতো তিনিও অবসাদ ভুলতে অন্য কাজে মন দিয়েছিলেন। অভিনেত্রী জানিয়েছেন, একসময় ভবিষ্যতের অনেক কিছু পরিকল্পনা করেছিলেন। কিন্তু কোনোটাই মেলেনি। অতিমারি আবার তাঁকে মনে করিয়ে দিয়েছে শ্রীরামকৃষ্ণের কথা, ‘যখন যেমন তখন তেমন। যেখানে যেমন সেখানে তেমন।’ এখন এই কথাই তাঁর জীবনের মূলমন্ত্র হয়ে দাঁড়িয়েছে। তাই ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করা ছেড়ে দিয়েছেন সোহিনী।





