হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ জসবীর কৌর (Jaswir Kaur)। জনপ্রিয় ধারাবাহিক সিআইডি (CID) এ ইনস্পেক্টর কাজলের চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের কাছে আলাদা পরিচিতি পেয়েছিলেন। শক্তিশালী উপস্থিতি ও আত্মবিশ্বাসী অভিনয়ের জন্য সেই সময় দর্শকদের কাছে তিনি খুবই জনপ্রিয় হয়ে ওঠেন। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের এমন এক কঠিন অধ্যায়ের কথা প্রকাশ করেছেন অভিনেত্রী যা শুনে অবাক হয়েছেন তাঁর অনুরাগীরা।
দীর্ঘদিন পরে তিনি জানিয়েছেন কীভাবে হঠাৎ করেই সেই জনপ্রিয় ধারাবাহিক থেকে তাঁকে বাদ দেওয়া হয় এবং সেই ঘটনার পর তাঁর জীবনে শুরু হয় মানসিক ও পেশাগত লড়াই। জসবীর জানান তিনি প্রায় দু বছর ধরে নিয়মিতভাবে সিআইডির শুটিং করছিলেন। প্রতিদিন দীর্ঘ সময় ধরে কাজ করলেও নিজের চরিত্র ও অভিনয় নিয়ে তিনি ছিলেন ভীষণ সিরিয়াস। কিন্তু একদিন হঠাৎ করেই তাঁকে অফিসে ডেকে জানানো হয় যে তিনি আর এই শো এর অংশ থাকবেন না। এই সিদ্ধান্ত তাঁর কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল।
অভিনেত্রীর দাবি তাঁর কথাবার্তাকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছিল। আর সেই সময় থেকেই তিনি অনুভব করতে শুরু করেন যে অদ্ভুত কিছু ঘটনা ঘটছে যা তাঁর কেরিয়ারকে প্রভাবিত করছে। একই সাক্ষাৎকারে জসবীর আরও চমকপ্রদ দাবি করেন। তাঁর কথায় সেই সময় তাঁর অজান্তেই তাঁর চুল কেটে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল। অভিনেত্রীর বিশ্বাস এটি ছিল স্পষ্টতই কালো জাদু বা তুকতাকের অংশ। এর পর থেকেই নাকি তাঁর আচরণ নিয়ে নানা অভিযোগ উঠতে শুরু করে। সহকর্মীরা বলতে শুরু করেন তাঁর ব্যবহার বদলে গেছে হাঁটার ভঙ্গি পাল্টে গেছে এবং তিনি অকারণে চিত্রনাট্য নিয়ে বাড়তি মাথা ঘামাচ্ছেন।
এমনকি অশ্রাব্য ভাষা ব্যবহারের অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে যা তিনি সম্পূর্ণ অস্বীকার করেছেন। এই ঘটনার সময় সহ অভিনেতাদের কাছ থেকে অন্তত কিছুটা সমর্থন পাবেন বলে আশা করেছিলেন জসবীর। কিন্তু তাঁর কথায় কেউই তাঁর পাশে দাঁড়াননি। এই পরিস্থিতি তাঁকে ভীষণভাবে ভেঙে দেয়। অভিনেত্রী জানান প্রায় পঁয়তাল্লিশ দিন ধরে তিনি প্রতিদিন কেঁদেছেন। তাঁর মা মেয়েকে এমন অবস্থায় দেখে খুব কষ্ট পেতেন। সেই সময় মানসিক দিক থেকে তিনি এতটাই ভেঙে পড়েছিলেন যে কিছুদিন গভীর অবসাদের মধ্যেও ভুগতে হয়েছিল তাঁকে।
শুধু মানসিক নয় পেশাগত জীবনেও বড় ধাক্কা নেমে আসে। সিআইডি ছাড়ার পর বেশ কয়েক বছর বড় কোনও কাজ পাননি জসবীর। প্রায় সাত বছর ধরে ছোট ছোট চরিত্র বা ক্যামিও করে কোনওভাবে নিজের অভিনয় জীবন টিকিয়ে রেখেছিলেন তিনি। সেই সময় আর্থিক সমস্যার সঙ্গেও লড়তে হয়েছে। তবু হাল ছাড়েননি অভিনেত্রী। ধীরে ধীরে আবার টেলিভিশনে কাজের সুযোগ পেতে শুরু করেন এবং নতুন ধারাবাহিকের মাধ্যমে ফের দর্শকের সামনে ফিরে আসেন। তাঁর এই অভিজ্ঞতা প্রকাশ্যে আসতেই এখন সমাজমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।





