আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্য রাজনীতিতে যেমন উত্তাপ বাড়ছে, তেমনই বাড়ছে তারকা প্রার্থীদের নিয়ে জল্পনা। ইতিমধ্যেই শাসক দল তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থীদের তালিকা নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সেই তালিকায় এবার নতুন করে উঠে এসেছে টলিউডের জনপ্রিয় অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chattopadhyay) নাম। টলিউডের অন্দরে জোর গুঞ্জন, আগামী নির্বাচনে ঘাসফুল শিবির থেকে ভোটের ময়দানে নামতে পারেন তিনি। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা হয়নি।
ফলে এই জল্পনাই এখন চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে চলচ্চিত্র ও রাজনৈতিক মহলে। এই জল্পনার সূত্র খুঁজতে গেলে ফিরে যেতে হয় গত বছরের এক বড় বিতর্কে। সেই সময় টলিউডে ফেডারেশন ও পরিচালক গিল্ডের দ্বন্দ্ব চরমে পৌঁছেছিল। পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে ব্যান করা ঘিরে শুরু হয়েছিল সেই সংঘাত। পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছিল যে কিছুদিনের জন্য কার্যত স্তব্ধ হয়ে পড়ে পুরো টলিপাড়া। শেষ পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-র মধ্যস্থতায় সেই অচলাবস্থা কাটে। যদিও সেই ঘটনার পর ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন কয়েকজন পরিচালক, যার মধ্যে ছিলেন পরমব্রতও।
তবে ঘটনাপ্রবাহের মোড় ঘুরতে বেশি সময় লাগেনি। কিছুদিন পর সমাজমাধ্যমে একটি ভিডিও বার্তা পোস্ট করে পরমব্রত চট্টোপাধ্যায় জানান যে ফেডারেশনের বিরুদ্ধে তাঁদের মামলা করা হঠকারী সিদ্ধান্ত ছিল। তিনি স্বীকার করেন, সেই পদক্ষেপ ভুল ছিল এবং পরিস্থিতি সামাল দেওয়ার জন্য অন্য পথও খোলা ছিল। এই বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই অনেকের মনে প্রশ্ন জাগে, তবে কি তিনি ধীরে ধীরে তৃণমূলের ঘনিষ্ঠ হয়ে উঠছেন? সেই থেকেই রাজনৈতিক মহলে তাঁর সম্ভাব্য প্রার্থী হওয়া নিয়ে আলোচনা আরও জোরালো হয়ে ওঠে।
আরও পড়ুনঃ রাজ্যসভার প্রার্থী হতেই মাঠে টলি কুইন! দেবের হাত ধরে টেকনিশিয়ান স্টুডিওতে স্বাস্থ্যসাথী ক্যাম্পে হাজির কোয়েল মল্লিক! রাজনৈতিক ইনিংসের শুরুতেই অ্যাকশন মোডে, কী বার্তা অভিনেত্রীর?
যদিও পরমব্রত নিজে এখনও পর্যন্ত এই সমস্ত জল্পনা নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। অভিনেতার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, বর্তমানে তিনি মুম্বইয়ে রয়েছেন এবং একটি নতুন প্রজেক্টের শুটিং নিয়ে ব্যস্ত। তাই এই মুহূর্তে রাজনৈতিক প্রার্থী হওয়ার বিষয়ে তাঁর কাছে কোনও নির্দিষ্ট তথ্য নেই। সূত্রের দাবি, আপাতত এই সমস্ত আলোচনা শুধুই গুঞ্জন এবং নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। ফলে এখনই বিষয়টি নিয়ে সিদ্ধান্তে পৌঁছনো ঠিক হবে না বলেই মত অনেকের।
অভিনয় ও পরিচালনা দুই ক্ষেত্রেই নিজস্ব ছাপ রেখে দিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। টেলিভিশন থেকে বড়পর্দা এবং ওটিটি সব ক্ষেত্রেই তাঁর সফল উপস্থিতি রয়েছে। টলিউডের পাশাপাশি বলিউডেও কাজ করেছেন তিনি। কিছুদিন অভিনয় থেকে দূরে থাকলেও এবার আবার ছোটপর্দায় ফিরতে চলেছেন এই জনপ্রিয় অভিনেতা। জি বাংলার নতুন ধারাবাহিক কমলা নিবাসে তাঁকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। ইতিমধ্যেই এই ধারাবাহিকের শুটিং শুরু করেছেন পরমব্রত, ফলে এখন অভিনয়েই তাঁর মূল মনোযোগ রয়েছে বলেই মনে করছেন অনেকেই।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!