আমিও অনেক তারকা সন্তানের জন্য কাজের সুযোগ হারিয়েছি, বলিউডে স্বজনপোষণ নিয়ে ক্ষোভ উগড়ালেন অভিনেত্রী ইয়ামি গৌতম

বলিউডে নেপোটিজম, স্বজনপোষণ নিয়ে বিতর্ক যেন শেষই হতে চায় না। নিত্য নতুন কোনও না কোনও ঘটনাকে কেন্দ্র করে বলিউডে স্বজনপোষণ ব্যাপারটি ঠিকই মাথাচাড়া দিয়ে উঠে। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তা যেন বিশালাকার রূপ ধারণ করেছে। এবার এই বিষয় নিয়ে বোমা ফাটালেন জনপ্রিয় অভিনেত্রী ইয়ামি গৌতম।

সম্প্রতি, ৯ই অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তার নতুন ছবি ‘গিন্নি ওয়েডস সানি’-এর। এই ছবির প্রচারেই এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি নেপোটিজম বা স্বজনপোষণ নিয়ে মুখ খোলেন। তার মতে, স্বজনপোষণ বলিউডে সত্যি এক বড় সমস্যা।

তার কথায়, “সব পেশাতেই নেপোটিজম রয়েছে। কিন্তু তফাৎ শুধু একটাই। চিকিৎসকের ছেলে মেয়ে যদি চিকিৎসক হতে চায় তবে পড়াশোনার দিক থেকে সে তার অভিভাবকের থেকে সবরকম সাহায্য পাবে, কিন্তু শেষ পর্যন্ত পরীক্ষা তাকেই দিতে হবে। সেখানে ২ আর ২ কিন্তু সবসময় ৪ই হয়। কিন্তু বলিউডের ক্ষেত্রে ২ আর ২ ১০ ও হতে পারে”।

তিনি নিজে বলিউডে নেপোটিজম ব্যাপারটা একটু অন্যভাবে দেখেন বলে জানান অভিনেত্রী। তার মতে, সন্তান ছোটো থেকে বা মাকে দেখে ফিল্ম লাইনেই যেতে চাইবে, এটা স্বাভাবিক। আবার মা বাবাও নিজের সন্তানকে কোনও সিনেমায় লঞ্চ করতে চাইলে কারোর কিছু বলার থাকে না। তবে স্বজনপোষণের বিরুদ্ধে তীব্র তোপ দেগেছেন নায়িকা। তার মতে, স্বজনপোষণকে প্রাধান্য দিতে অন্য কারোর কাজ ছিনিয়ে নেওয়া উচিত নয়। তিনি যে শুধু তারকা সন্তানদের কাছেই কাজের সুযোগ হারিয়েছেন এমন নয়, ইয়ামি এমন মানুষের কাছেও কাজের সুযোগ হারিয়েছেন যারা ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ নন। শুধু তাদের ভালো যোগাযোগ রয়েছে ইন্ডাস্ট্রির সঙ্গে এবং তারা ভালো কথা বলতে জানেন তাই। কাউকে বেশী সুযোগ দেওয়া হলে প্রতিযোগিতা সমান থাকে না, এমনটাই মনে করেন ইয়ামি। প্রতিভা ও যোগ্যতার বিচারে সমান সুযোগ দেওয়া হলে প্রতিযোগিতাও সমানে সমানে হয়। কিন্তু শুধুমাত্র স্বজনপোষণের ভিত্তিতে কাউকে একচেটিয়া বিচার করে যাওয়া একেবারেই ঠিক বলে মনে করেন না ইয়ামি।

আরও অন্যান্য খবর