২০৫০ সালের মধ্যেই বিশ্বের অর্থনীতিতে বড়সড় জায়গা দখল করতে চলেছে ভারত। জাপানকেও পিছনে ফেলে অর্থনীতির দিক দিয়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে ভারত, এমনই জানা গিয়েছে একটি সমীক্ষায়। ল্যানসেন্ট মেডিকেল জার্নালের এক গবেষণা অনুসারে অর্থনীতির দিক থেকে বিশ্বের পয়লা ও দ্বিতীয় স্থানে থাকবে আমেরিকা ও চীন। বর্তমানে ভারত বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতি। ২০১৭ সালে সে ছিল সপ্তম স্থানে। ফ্রান্স ও ব্রিটেনকে পিছনে ফেলে বিশ্বের অর্থনীতির দরবারে পঞ্চম স্থান অধিকার করেছে ভারত।
নীতি আয়োগের চেয়ারম্যান রাজীব কুমার চলতি বছরের মে মাসে জানান ২০৪৭ সালের মধ্যে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে পারে কিন্তু এখন প্রশ্ন উঠছে, এই করোনা পরিস্থিতি সামলে ভারত কতটা নিজের জায়গায় সফলতা অর্জন করবে সেই নিয়ে।
গত বছর ডিসেম্বরে জাপানের এক অর্থনৈতিক গবেষণা কেন্দ্রও জানায়, ২০২৯ সালের মধ্যে ভারত জাপানকে হারিয়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে নিজের জায়গা করে নেবে কিন্তু তখনও করোনা পরিস্থিতি তৈরি হয়নি। অতিমারির কারণে গত ৬ মাস ধরে ভারতের অর্থনীতি প্রায় বন্ধ। রাজকোষে ঘাটতি পড়েছে, জিডিপি এসে ঠেকেছে তলানিতে। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ২০২৫ সালের মধ্যে ভারতের পক্ষে ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হয়ে ওঠা সম্ভবপর হবে না। এদিকে, যে কোনও দেশের অর্থনীতি নির্ভর করে সে দেশের কার্যক্ষম মানুষের উপর। একটি সমীক্ষায় দেখা গেছে ২১০০ সালের মধ্যে কার্যক্ষম দেশ হিসাবে সকলকে পিছনে ফেলে সর্বপ্রথম স্তরে পৌঁছে যাবে ভারত। এরপরেই থাকবে নাইজেরিয়া, চীন, ও আমেরিকা। এবার এই অতিমারির পরিস্থিতি সামলে উঠে ভারত কতটা নিজের লক্ষ্যে এগিয়ে যেতে পারে, সেটাই এখন দেখার।





