চোখে মুখে আতঙ্কের ছাপ। প্রাণ বাঁচাতে রাস্তায় হাঁপাতে হাঁপাতে ছুটছেন চিত্র পরিচালক সাহারা করিমি। এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় প্রবল ভাইরাল। না এটা কোনও সিনেমার অ্যাকশন সিন নয়, এটাই এখন কাবুলের বর্তমান পরিস্থিতি। আফগানিস্তানের কাবুল এখন তালিবানদের দখলে। এরপর সেখানকার অবস্থা কী রকম, সাহারা করিমির সোশ্যাল মিডিয়াতে সেই চিত্রই ফুটে উঠেছে।
চিত্র পরিচালক সাহারা করিমির এই ভিডিও টুইটারে শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেছেন ইরানের সাংবাদিক মাসিহ আলিনেজাদ। তিনি লেখেন, “গত সপ্তাহেই কাবুল শহরে চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছিল। আর এখন তাঁরা তাঁদের জীবনের জন্য পালিয়ে বেড়াচ্ছেন। দেখতে হৃদয়বিদারক কিন্তু বিশ্ব কিছুই করছে না”।
প্রসঙ্গত, সাহারা করিমি একজন চিত্র পরিচালক। ইনিই প্রথম মহিলা যিনি আফগান চলচ্চিত্রের ডিরেক্টর জেনারেল নির্বাচিত হয়েছিলেন। রবিবার তালিবানরা কাবুলে প্রবেশের পর শহরের কী পরিস্থিতি, এ নিয়ে একটি ভিডিও পোস্ট করেন সাহারা করিমি। আর এই ভিডিও-তে তিনি গোটা বিশ্বের সকল চলচ্চিত্র সম্প্রদায়ের কাছে কিছু আবেদন করেছেন।
View this post on Instagram
এই ভিডিও টুইটারে শেয়ার করে সাহারা করিমি জানান, তিনি ব্যাঙ্কে টাকা তুলতে গিয়েছিলেন, কিন্তু ব্যাঙ্ক বন্ধ। সেটি উচ্ছেদ করা হয়েছে। গোটা বিশ্বের উদ্দেশ্যে তাঁর বার্তা, “আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে এটি ঘটেছে, কারা এটা ঘটিয়েছে। দয়া করে আমাদের জন্য প্রার্থনা করুন। এই বিশাল বিশ্বের মানুষের উদ্দেশ্যে আমি আবারও বলছি, দয়া করে চুপ থাকবেন না, ওরা আমাদের হত্যা করতে আসছে”।
এর আগে গোটা বিশ্বের কাছে এক খোলা চিঠিতে সাহারা আবেদন রেখেছেন- “আমাদের পাশে দাঁড়ান। এই কঠিন পরিস্থিতিতে আফগানিস্তানের থেকে মুখ ফেরানো উচিত নয়”। গোটা বিশ্বের বিনোদন দুনিয়ার কাছে তিনি আবেদন করেছেন তালিবানি শাসনতন্ত্র থেকে তাঁদের রক্ষা করার। এই কঠিন পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় বেজায় সক্রিয় করিমি। নানান ছবি-ভিডিও শেয়ার করছেন, কীভাবে মহিলা ও শিশুদের উপর অত্যাচার চালাচ্ছে তালিবানরা। জানিয়েছেন, জনপ্রিয় কমেডিয়ান থেকে কবি ও তথ্য-সংস্কৃতি বিভাগের প্রধানেরও প্রাণ গিয়েছে তালিবানদের হাতে। জনসমক্ষে অনেককে ফাঁসিতেও ঝোলানো হচ্ছে। এই মর্মান্তিক দৃশ্য দেখে গোটা বিশ্বের বিনোদন দুনিয়াকে তালিবানদের বিরুদ্ধে একজোট হওয়ার অনুরোধ জানিয়েছেন সাহারা।
এই চিঠিতে তিনি আরও লেখেন, “দয়া করে এই সময়ে চুপ করে থাকবেন না। আমি ভগ্ন হৃদয়ে এই চিঠি লিখছি গোটা পৃথিবীর বিনোদুনিয়ার উদ্দেশে। আমাদের বাঁচান। গত কয়েক সপ্তাহে তালিবানরা আফগানিস্তানের বিভিন্ন প্রদেশ দখল করে ফেলেছে। আমাদের দেশের মানুষদের নির্বিচারে হত্যা করছে। নাবালিকাদের অপহরণ করে বিক্রি করে দেওয়া হচ্ছে। একজন মহিলাকে তাঁর পোশাকের জন্য খুন করেছে ওরা”। তাঁর এই চিঠি শেয়ার করেছেন বলি পরিচালক অনুরাগ কাশ্যপ। এই চিঠি শেয়ার করে তিনি ক্যাপশনে লেখেন, “যতটা সম্ভব শেয়ার করুন”।
View this post on Instagram





