‘ওদের কাছে কোনও গান নেই, তাই আমাদের গান দিয়েই চালাচ্ছে’, ‘ইন্ডিয়ান আইডল’ নিয়ে ক্ষোভ প্রকাশ আশা ভোঁসলের

ইন্ডিয়ান আইডল নিয়ে বিতর্ক শেষ হওয়ার নয়। সম্প্রতি এই মঞ্চে ‘কিশোর কুমার স্পেশাল’ একটি পর্বের আয়োজন করা হয়। এদিনের এই পর্বে অতিথি বিচারক হিসেবে উপস্থিত ছিলেন স্বয়ং কিশোর-পুত্র অমিত কুমার। এদিন এই শো-য়ের প্রতিযোগীরা কিশোর কুমারের গান গেয়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বিচারক মহলে থাকা হিমেশ রেশমিয়া, নেহা কক্করকেও কিশোর কুমারের গান গাইতে দেখা যায়।

কিন্তু নেটিজেনদের মতে, বিচারকদের গাওয়া গান ভালো হয়নি। শুধু তাই-ই নয়, অনেক প্রতিযোগীও সঠিকভাবে কিশোর কুমারের গান গেয়ে উঠতে পারেননি। এমনকি, অমিত কুমারও একটি সাক্ষাৎকারে জানান যে তাঁরও এই পর্ব ভালো লাগেনি। কিশোর কুমারের গানের সঙ্গে কেউই সঠিক বিচার করেননি। কিন্তু তবুও তিনি কেন সকলের ভূয়সী প্রশংসা করেছিলেন, এই নিয়ে শুরু হয় বিতর্ক।

আরও পড়ুন- ভোটে জিতেই মানুষের পাশে সোহম, করোনা আক্রান্তদের বাড়ি বাড়ি খাবার, ওষুধ, অক্সিজেন পৌঁছে দিচ্ছে অভিনেতার টিম

এরপর ইন্ডিয়ান আইডল সম্পর্কে কিছু বিস্ফোরক হন কিশোর কুমার পুত্র অমিত কুমার। তিনি বলেন, “আমি সেটাই করেছি যেটা আমাকে করতে বলা হয়েছিল। আমাকে বলা হয়েছিল যে যেমনই গান করুক না কেন ভালো বলতে। প্রতিটা প্রতিযোগীর গান হবার পর তাদের প্রশংসা করতে। কারণ কিশোর কুমারের প্রতি একটা শ্রদ্ধার্ঘ্য দেওয়া হচ্ছে, তাই প্রশংসা করতে হবে। আমি ওদের বলেওছিলাম যদি শো-র আগে আমায় কোনও স্ক্রিপ্ট দেওয়া হয়, তাহলে ভালো হয়। কিন্তু তার কিছুই হয়নি”।

কিশোর পুত্র অমিত কুমারের পর এবার ‘ইন্ডিয়ান আইডল’ নিয়ে বিস্ফোরক বর্ষীয়ান গায়িকা আশা ভোঁসলে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ওঁদের কাছে গান নেই। তাই আমাদের গাওয়া গান গাইছে”। আশাজি আরও বলেন, “এই প্রজন্ম স্বর্ণ যুগের গানকে ভেঙে চুরে, নেচে গেয়ে যেভাবে পারছে পরিবেশন করছে। মেনে নিয়েছি। প্রযুক্তির উন্নতি মানতেই হবে। এই প্রজন্ম তাকে কাজেও লাগাবে। তাছাড়া এ সবই এখন চলছে”।

আরও পড়ুন- প্রথম ধারাবাহিক থেকেই সকলের প্রিয় হয়ে উঠেছেন ‘খেলাঘর’-এর পূর্ণা, কিন্তু বাস্তবে তিনি কেমন, জানুন

আশা ভোঁসলের কথায়, “যে ভাবেই গাওয়া হোক সেই পুরনো আমলকেই আঁকড়ে থাকতে হচ্ছে। এভাবে কত পুরনো গান নতুন করে শুনছেন সবাই। অনুষ্ঠানে সবাই শুনতেও চাইছেন। কবে এসব গান গেয়েছি, তারপর ভুলেও গিয়েছি। তবে বর্তমান প্রজন্ম সেই সব গান মনে রেখে দিয়েছে। একজন শিল্পীর কাছে এর থেকে বড় পাওয়া আর কীই বা হতে পারে”?

RELATED Articles