প্রথমবার তাঁকে ফেলুদা বেশে সকলেই পছন্দ করেছিলেন। এবার আবার বড়দিনে ‘ফেলুদা ফেরত’-এর দ্বিতীয় অধ্যায় নিয়ে আসছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা টোটা রায়চৌধুরী। আগামী ২৫ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্মে ‘ফেলুদা ফেরত’-এর দ্বিতীয় সিরিজ ‘যত কান্ড কাঠমান্ডুতে’ মুক্তি পাবে। দেবীপক্ষের সূচনার সঙ্গে সেই সুখবর সকলকে জানালেন অভিনেতা। ইনস্টাগ্রাম, ফেসবুক থেকে শুরু করে সারা সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে তাঁর এই খবর।
এদিন নিজের শরীরচর্চার ভিডিও ছেড়ে জানালেন, শীত এলেই ফেলুদা আসবেন গত বছরের মতো। আগেই সৃজিত মুখোপাধ্যায়ের ‘ফেলুদা ফেরত’-এর প্রথম সিরিজ ‘ছিন্নমস্তার অভিশাপ’ মুক্তি পেয়েছিল ২০২০’র ২৫ ডিসেম্বর। এবার দেবীপক্ষের সূচনায় সুখবর দিলেন অভিনেতা। শরীরচর্চার ভিডিও সকলের সঙ্গে ভাগ করে নিয়ে টোটা জানালেন, “ফেলুদার মগজাস্ত্রের মত তাঁর শরীরাস্ত্রও যথেষ্ঠ ধারালো ছিল।”
View this post on Instagram
সকলেরই জানা শরীর-স্বাস্থ্য নিয়ে বেশ সচেতন সকলের প্রিয় রোহিত সেন ওরফে টোটা রায়চৌধুরী। তাই নিজের বাড়িতেই জিম খুলে বসেছেন। এদিন অনুরাগীরাও জানালেন, ‘এই মধ্য বয়সে যেভাবে তিনি শরীর চর্চা করেন তা চোখে পড়ার মতো।’
‘ফেলুদা ফেরত’ সিরিজে তাঁকে ফের দেখতে আগ্রহী হয়ে রয়েছেন তাঁর অনুরাগীরা। এর আগে ‘ফেলুদা ফেরত’ সিরিজ নিয়ে অভিনেতা জানিয়েছিলেন, “এই সিরিজে আমরা বড় ঝুঁকি নিয়েছি। আগের দফায় সবাই সনাতনী ফেলুদাকে দেখেছেন। নতুন সিরিজে পোশাক-পরিচ্ছদে ফেলুদা অনেকটাই আধুনিক।” অভিনেতা জানালেন, ২০১৫’র ভূমিকম্পের পর নেপাল-কাঠমান্ডুতে এসেছে আমূল পরিবর্তন। সিরিজের সেই নতুন কাঠমান্ডু উঠে আসার পাশাপাশি ফেলুদার সহকারী-সহ সবাইকে দেখা যাবে হালের পোশাকে।
কিন্তু সংলাপ থাকবে সত্যজিৎ রায়ের। এখন নতুন রূপে ফেলুদাকে দেখতে উৎসুক হয়ে রয়েছেন অনুরাগীরা।





