“আমি রোজ গোমূত্র (Cow Urine) পান করি”, অক্ষয় কুমারের (Akshay Kumar) বক্তব্যে তৎক্ষণাৎ চমকে উঠেছিলেন অভিনেত্রী হুমা কুরেশি। আর সেই লাইভ চ্যাট সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হতেই তাজ্জব হয়ে গিয়েছে আপামর ভারতবাসী।
ম্যান ভার্সেস ওয়াইল্ড’ খ্যাত বিয়ার গ্রিলসের(Bear Grylls) শো’ দ্য ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলস’ এ দেখা যাবে অক্ষয় কুমারকে। তার প্রচার কাজের অংশ হিসেবে সম্প্রতি বিয়ার গ্রিলস ও হুমা কুরেশির(Huma Qureshi) সঙ্গে ইনস্টাগ্রামে একটি লাইভ চ্যাটে এসেছিলেন অক্ষয় কুমার।
এই শোয়ে তাকে বেশ কিছু মারাত্মক স্টান্ট করতে দেখা যাবে। এমনকি তাকে নাকি হাতির বিষ্ঠা দিয়ে তৈরি চা পান করতেও দেখা যাবে এই শোতে। যা শুনে হতবাক হয়ে যান হুমা। তখনই অক্ষয় কুমার বলেন, হাতির বিষ্ঠা খেতে তাঁর খুব একটা সমস্যা হয়নি। কারণ আয়ুর্বেদিক উপকারিতার কথা মাথায় রেখে প্রত্যেকদিন গোমূত্র পান করেন তিনি!
অক্ষয় কুমারের এই গোপন তথ্য সামনে চলে আসাতে রীতিমত অবাক হয়ে যান হুমা কুরেশি। লাইভ চ্যাটের যে দর্শকরা ছিলেন তারাও তখন কমেন্ট করতে শুরু করেন, “স্যার এটা কি সত্যি আপনি গোমূত্র পান করেন?”
হুমা কুরেশি তখন বিয়ার গ্রিলস কে জিজ্ঞাসা করেন যে, তিনি অক্ষয়কে কীভাবে রাজি করিয়েছিলেন এই চা পান করার জন্য? তাঁদের দুজনেরই বক্তব্য ছিল, তাদের কোন অসুবিধা হয়নি, ব্যাপারটা এমন কিছু খারাপ খেতে না! বিয়ার গ্রিলস জানান অক্ষয়ের সঙ্গে তাঁর জঙ্গলের মধ্যে সময় কাটিয়ে খুব ভালো লেগেছে। মানুষ হিসাবে ‘খিলাড়ি’ অভিনেতাকে তাঁর বেশ পছন্দ হয়েছে।
অক্ষয় কুমার আর ফিটনেস শব্দদুটি প্রায় সমার্থক। মার্শাল আর্টসে রীতিমত দক্ষ সদ্য ৫৩ পেরোনো এই অভিনেতা। কিন্তু তাঁর ফিটনেসের অন্যতম রহস্য যে গোমূত্র তা জেনে ভক্তরা বেশ সারপ্রাইজড।





