কোকিলাবেন হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন, আচমকা কী হল বিগ বি-র?

মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। কিছুদিন আগেই কেবিসি-র সেটে পালন করা হয়েছিল বিগ বির ৮১ বছরের জন্মদিন। শুক্রবার সকাল ৬ টায় মুম্বইয়ের হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, কড়া নিরাপত্তার মধ্যে সকালে বিগ বিকে হাসপাতালে আনা হয়। জানা যাচ্ছে, তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। শুক্রবার তাঁকে টুইট করতে দেখা যায়। যেখানে লেখা ছিল, ‘আপনাদের প্রতি সর্বদা কৃতজ্ঞ।’ মনে করা হচ্ছে অস্ত্রোপচারের পর হাসপাতালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন টুইট করেছেন অমিতাভ।

আইএসপিএল-র মুম্বই টিমের একটি ভিডিও টুইটারে শেয়ার করে নেন তিনি। ক্যাপশনে লিখেছেন, “চোখ খুলে দেখে নিন, কান খুলে শুনে নিন/ আমাদের মুম্বইয়েরই হবে জয়জয়কার, এটা এবার মেনে নিন।”

গত বেশ কয়েক বছর ধরে অসুস্থ এই অবস্থায় দেখা যাচ্ছে তাকে। তবে চালিয়ে যাচ্ছেন কেবিসির শ্যুট। ‌২০২৩ সালের মার্চ মাসে হায়দ্রাবাদে প্রোজেক্ট কে-র শ্যুটিং এ পাঁজরের কার্টিলেজ ভাঙে অমিতাভের। সেই সময় কয়েক মাস বেড রেস্টে ছিলেন তিনি। চোট সঙ্গে নিয়েই সোশ্যাল মিডিয়ায় তাঁর ফ্যানেদের সঙ্গে যোগাযোগ রেখে চলেন। এর আগে ২০২২ সালে দীপাবলির আগে অসুস্থ হয়েছিলেন অমিতাভ। সেসময় পায়ের রগ কেটে প্রচুর রক্তক্ষরণ হয়েছিল তাঁর।কেবিসির সেটেই ঘটেছিল সেই দুর্ঘটনা।

২০২০ সালে টুইট করে বিগ বি জানিয়েছিলেন, কোভিডে আক্রান্ত হয়েছেন তিনি ও তাঁর ছেলে অভিষেক ও বউমা ঐশ্বর্য। সেসময় চিকিৎসার জন্য দুই মাস হাসপাতালে ভর্তি ছিলেন বিগ বি। ২০২২ সালে আবারও অমিতাভ কোভিডে আক্রান্ত হন। ২০১২ সালে অমিতাভের লিভারের ৭৫ শতাংশ অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হয়েছিল।

এত শারীরিক সমস্যা, চোট নিয়েও, ৮১ বছর বয়সে কাজে মনোনিবেশ করেন তিনি। অমিতাভ বচ্চনকে দেখা যাবে কল্কি ২৮৯৮ এডি-তে। দীপিকা পাড়ুকোনের ইন্টার্ন-এ দেখা যাবে বিগ বিকে।

আরও অন্যান্য খবর