হাইকোর্টের নির্দেশ না মানায় পুলিশ কমিশনার তীব্র ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট। এক মোবাইল চুরি যাওয়া সংক্রান্ত মামলায় আদালতের দেওয়া নির্দেশ মানেন নি পুলিশ কমিশনার। আদালত অবমাননার অভিযোগ শুনে তোপ দাগেন বিচারপতি রাজশেখর মান্থা। ‘আদালত কী খেলার জিনিস নাকি’, ভর্ৎসনা করে প্রশ্ন করেন বিচারপতি।
কী জানায় এদিন আদালত?
আদালতের নির্দেশ অবমাননা করেছেন পুলিশ কমিশনার। এদিন প্রবল ক্ষোভ বর্ষণ করে বিচারপতি মান্থা বলেন, “পুলিশ আদালতের নির্দেশ নিয়ে উপহাস করেছে”।
পুলিশ কমিশনারের উদ্দেশে বিচারপতি মান্থার মন্তব্য, “ভুলে যাবেন না, হাইকোর্টের ক্ষমতা কত”। তিনি আরও বলেন, “আদালতের নির্দেশ কি খেলার জিনিস? হাইকোর্টের অর্ডার না মানলেও চলবে বলে কি পুলিশ মনে করছে? কেন আদালত অবমাননার জন্য তাঁর বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপের নির্দেশ দেব না”। আগামী ২২ মার্চ এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। এদিন পুলিশ কমিশনারকে ভারচুয়ালি হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
কোন মামলায় এই নির্দেশ আদালতের?
২০২২ সালে মোবাইল চুরি যাওয়ার অভিযোগ করেন পঙ্কজ কুমার দুগার নামের এক ব্যক্তি। সেই মামলা গড়ায় হাইকোর্ট পর্যন্ত। আবেদনকারী জানান, ২০২২ সালের ১৮ জুন তারিখে মোবাইল টাওয়ার লোকেশন সম্পর্কে জানাতে হবে মোবাইল সংস্থাকে। এমনকি, এও আবেদন জানানো হয়েছিল যে আলিপুর কোর্ট থেকে হাজরা ক্রসিং ও কালীঘাট ফায়ার স্টেশন পর্যন্ত গোটা এলাকার সিসিটিভি ফুটেজ দিতে হবে।
সেই আবেদনে সায় দিয়ে আদালত পুলিশ কমিশনারকে যাবতীয় ফুটেজ সংগ্রহ করার নির্দেশ দেয়। মোবাইল সংস্থার থেকে তথ্য নিয়ে আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু আদালতের সেই নির্দেশ মানেন নি পুলিশ কমিশনার। পুলিশ কমিশনারের হয়ে কালীঘাট থানার ওসি আদালতে রিপোর্ট জমা দেয়। সেই কারণেই এবার পুলিশ কমিশনারকে ভর্ৎসনা করলে হাইকোর্ট।






