সোমবার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিলেন অভিনেতা গায়ক অঞ্জন দত্ত। জানা গিয়েছে, অস্ট্রেলিয়া থেকে ফিরেই তিনি ওই অনুষ্ঠানে যান। শুধু তাই নয়, বিদেশ থেকে ফিরেই অজস্র মানুষের সংস্পর্শে এসেছেন তিনি!
বিদেশ ফেরত যে কোনও মানুষের ক্ষেত্রে যেখানে চোদ্দো দিন গৃহবন্দি থাকার নির্দেশ জারি করেছে রাজ্য সরকার, সেখানে অঞ্জন দত্তের এরকম দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাঁকে।
তবে নিজের সাফাই গেয়ে অঞ্জন দত্ত বলেন, “আমি মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বাংলাদেশ হাইকমিশনের আমন্ত্রণে অনেক রাতে কয়েক মিনিটের জন্য ওই জমায়েতে যাই। বিমানবন্দরে আমাদের ব্যান্ডের পরীক্ষা করা হয়। রিপোর্ট নেগেটিভ আসে। এর পর আমি আর আমার ব্যান্ডের সবাই আগামী চোদ্দো দিন নিজেদের গৃহবন্দি রাখার সিদ্ধান্ত নিই।”
পাশাপাশি, অঞ্জন নিজেকে ‘দায়িত্বশীল নাগরিক’ বলেও অভিহিত করেছেন। তাঁর যুক্তি, “দেখুন, সে দিন আমি কোনও লোকের সঙ্গে হাত মেলাইনি। যখন জমায়েতে যাই ভিড় ছিল না। যাঁরা ছিলেন তাঁদের সঙ্গে দূর থেকে দেখা করেছি। খাইওনি। জাস্ট হাই বলে চলে এসেছি। আর যাওয়ার আগে স্যানিটাইজার দিয়ে হাত ধুয়েছি। আমি কিন্তু যথেষ্ট রেস্পনসিবল নাগরিক। তাই এখন সেলফ কোয়রান্টিন।’’ সাথে তাঁর সংযোজন, “প্লিজ লিখুন, যাঁরাই বিদেশ থেকে ফিরছেন তাঁরাই যেন নিজেদের গৃহবন্দি রাখেন।”





