দুজনেই তারা এখন বড় পর্দায় কাজ করতে ব্যস্ত। তবে টেলিপাড়ায় জোর গুঞ্জন যে ফের নাকি ছোটো পর্দায় ফিরছেন অঙ্কুশ হাজরা ও দেবলীনা কুমার। কোন ধারাবাহিকের হাত ধরে জুটি বেঁধে ছোটো পর্দায় ফিরছেন তারা? এই প্রশ্নই এখন সর্বত্র। তাদের ছোটো পর্দায় শেষ দেখা যায় জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স’-এ। এই শো-তে সঞ্চালকের ভূমিকায় ছিলেন অঙ্কুশ ও প্রতিযোগীদের মেন্টর হিসেবে দেখা গিয়েছিল দেবলীনাকে। এবার কী তবে কোনও ধারাবাহিকে জুটি বাঁধছেন তারা?
জানা গিয়েছ, স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘মন ফাগুন’-এ দেখা যাবে এই দুই তারকাকে। চ্যানেলের তরফে একটি প্রোমো ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ভ্যালেন্টাইনস ডে অর্থাৎ ১৪ই ফেব্রুয়ারি ‘মন ফাগুন’ ধারাবাহিকে একটি জমজমাট আয়োজন রয়েছে। এখানেই উপস্থিত থাকবেন অঙ্কুশ ও দেবলীনা। সঙ্গে থাকবেন শোভন গঙ্গোপাধ্যায়, লগ্নজিতা চক্রবর্তী, ও ‘আয় তবে সহচরী’ ধারাবাহিকের মুখ্য অভিনেতা-অভিনেত্রীরাও।
ঋত্বিক-অনুষ্কার বিয়ে দিতে গিয়ে বেশ কাছাকাছি চলে এসেছে ঋষি ও পিহু। কিন্তু তাদের প্রেমে কাঁটার মতো বিঁধে প্রিয়াঙ্কা। ভালবাসার দিনেই নাকি সে তাঁর বেবির সঙ্গে আংটিবদল সারতে চায়। এদিকে এই বিশেষ দিনের উদযাপনে ঘরোয়া পার্টিতে নিজের ভূমিকাতেই দেখা যাবে অঙ্কুশকে। তিনি পিহুর ছেলেবেলার স্বপ্নের নায়ক।
আর অন্যদিকে তাঁর নাচের মাধ্যমে পার্টির জৌলুস বাড়াবেন দেবলীনা। ‘পুষ্পা’র বিখ্যাত ‘সামে সামে’ গানের সঙ্গে ছোট পর্দায় ঝড় তুলবেন তিনি। পিহু ওরফে সৃজলা গুহ-র কথায়, “বরাবরই অঙ্কুশের নাচ, ওঁর কৌতুকাভিনয়ের ভক্ত। এ বার তাঁর সঙ্গে একটি পর্বে অভিনয় করতে চলেছি। ভীষণ খুশি। একই সঙ্গে উত্তেজনায় ফুটছি”।
ভ্যালেন্টাইন ডে-র দিনই কী তবে পালটাবে ঋষি ও পিহুর সম্পর্কের সমীকরণ? ইদানিং দেখা যাচ্ছে পিহুকে চোখে হারাচ্ছে ঋষি। তাহলে পিহুকে কী অঙ্কুশের হাতে তুলে দিতে পারবে সে? নাকি পিহু ঋষির জীবনে প্রিয়াঙ্কাকে মেনে নিতে পারবে?
চ্যানেলের তরফে জানানো হয়েছে সে ভ্যালেন্টাইন ডে-র এই বিশেষ পর্ব হতে চলেছে এক ঘণ্টার। আর পর্বে হয়ত ত্রিকোণ প্রেম পরিণত হবে চতুষ্কোণে। অঙ্কুশ এই চতুষ্কোণের একটি কোণ। এই বিশেষ পর্বের জন্য আগ্রহে অপেক্ষা করছেন দর্শক।
গত দু’সপ্তাহ ধরে টিআরপির তালিকায় দ্বিতীয় স্থান রয়েছে ‘মন ফাগুন’। আরও একবার প্রমাণ হয়েছে শন বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি যে কোনও ধারাবাহিকের মুখ্য আকর্ষণ। ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিক শেষ হওয়ার পর তাঁর বিপরীতে নবাগতা সৃজলাকে অনেকেই মেনে নিতে পারেননি। তবে মডেল-অভিনেত্রী কিন্তু ক্রমাগত নিজের অভিনয়কে ঘষামাজা করেছেন।





