বং গাই-এর সঙ্গে যেন অভিনেতা অঙ্কুশের ঠাণ্ডা যুদ্ধ শেষই হয় ন। গত বছরেই বং গাই ওরফে কিরণ দত্তের সঙ্গে অঙ্কুশের বিতর্কের ঘটনা কমবেশি সকলেরই জানা। বছর গড়িয়েছে, সময় পেরিয়েছে, কিন্তু সব দেখে শুনে যা মনে হচ্ছে, বং গাই-এর উপর থেকে অঙ্কুশের ক্ষোভ এখনও যায়নি। এমনই প্রমাণ মিলল সম্প্রতি।
সম্প্রতি, ইনস্টগ্রামে অঙ্কুশ গাড়ির মধ্যে একটি মজাদার ভিডিও করে পোস্ট করেন। এই ভিডিওটির প্রশংসা করেছেন অঙ্কুশের বন্ধু থেকে শুরু করে টলিপাড়ার অন্যান্য তারকারা। এরই মাঝে একজন ভক্ত কমেন্ট করেন যে, সে কলকাতায় থাকে, কিন্তু আসলে সে বর্ধমানের ছেলে। তাই তার বন্ধুরা তাকে বিষ মাল বলে ডাকে। এই বিষয়ে সে কী করবে, তা অঙ্কুশের কাছে জানতে চেয়েছেন তিনি। এর উত্তরে অঙ্কুশ বলেন যে, ‘বিষ মাল’ মন্তব্যটি প্রশংসা হিসেবে নিতে। আজকালকার যুগে বিষ মাল না হলে জীবনে এগোনো যায় না, এমন কথাও বলেন অভিনেতা। তার এই কমেন্ট দেখেই নেটিজেনের একাংশ মনে করছেন যে , অঙ্কুশ এখনও ‘বং গাই’-এর করা সেই মন্তব্য ভুলতে পারেন নি।
উল্লেখ্য, বর্তমানে অঙ্কুশ বেশ কয়েকটি ছবি নিয়ে ব্যস্ত রয়েছেন। এর মধ্যে রয়েছে ‘মৃগয়া’ নামের ছবিটি। এই ছবিতে অঙ্কুশ স্পেশ্যাল টাস্কফোর্স তদন্তকারী অফিসার অঞ্জন সেনগুপ্তের চরিত্রে অভিনয় করছেন। পরিচালক শৌভিক ভট্টাচার্যের ‘মৃগয়া’ ছবিটি হল প্রথম অধ্যায়। ছবিতে অঙ্কুশের বিপরীতে অভিনয় করছেন দর্শনা বণিক।
ছবির গল্প অনুযায়ী সমুদ্রসৈকতে আটকে থাকা পাঁচজন বন্ধুদের উদ্ধার করবেন অঙ্কুশ। এই পাঁচজনের পরিবারের পরিচিতি সমাজে বেশ আলাদা। উচ্চস্তরের পরিবারের ছেলে মেয়ে তারা। এদের নিখোঁজ হওয়ার পিছনে ষড়যন্ত্র নাকি অন্যকিছু লুকিয়ে আছে, এরই খোঁজ করবেন অঙ্কুশ। তবে ‘মৃগয়া’তেই শেষ হবে না রহস্যের সন্ধান। এই ছবির দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সিক্যুয়েল আসবে বলেও জানা গিয়েছে। আগামী বছরেই মুক্তি পাবে অঙ্কুশের নতুন ছবি।






