অপরাজিতা ঘোষ দাসের সঞ্চালনায় ছোটপর্দার আসছে অভিবন অনুষ্ঠান ‘ছানাগিরি’! সুযোগ পাবে শিশুদের সঙ্গে মায়েরাও! জেনে নিন, কবে থেকে শুরু অডিশন?

ছোট পর্দা এবং বড় পর্দা, দুই ক্ষেত্রেই পরিচিত মুখ অপরাজিতা ঘোষ। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছিল ‘চিরসখা’ ধারাবাহিকে ‘কমলিনী’ চরিত্রে। নিজের অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছিলেন তিনি। তবে অভিনেতা রাহুলের আকস্মিক মৃত্যুর পর ধারাবাহিকটির সম্প্রচার বন্ধ হয়ে যায়। এবার অভিনয়ের বাইরে এক নতুন ভূমিকায় দর্শকদের সামনে হাজির হতে চলেছেন অপরাজিতা। জনপ্রিয় একটি রিয়ালিটি শোর সঞ্চালনার দায়িত্ব নিয়ে তিনি আবারও দর্শকদের কাছে ফিরছেন।

বাংলা টেলিভিশনে ধারাবাহিকের পাশাপাশি রিয়ালিটি শোগুলির জনপ্রিয়তাও কম নয়। ‘দাদাগিরি’ কিংবা ‘ডান্স বাংলা ডান্স’-এর মতো অনুষ্ঠান দীর্ঘদিন ধরেই দর্শকদের বিনোদন দিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় এবার সান বাংলা নিয়ে আসছে শিশুদের জন্য নতুন রিয়ালিটি শো ‘ছানাগিরি’। এই অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে থাকছেন অপরাজিতা ঘোষ। শুধু শিশুদের জন্য নয়, এই অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ থাকছে তাদের মায়েদেরও, যা অনুষ্ঠানটিকে আরও আলাদা করে তুলবে।

অনুষ্ঠানে ৫ থেকে ১২ বছর বয়সী শিশুরা অংশ নিতে পারবে। ‘ছানাগিরি’-র মূল আকর্ষণ থাকবে নিয়ম ভাঙার মজার সব চ্যালেঞ্জ, আনন্দঘন খেলা এবং শেখার নতুন নতুন অভিজ্ঞতা। শিশুদের বিনোদনের পাশাপাশি তাদের সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বাড়ানোর দিকেও গুরুত্ব দেওয়া হবে। প্রতিযোগীদের জন্য থাকবে জেতার সুযোগও। ফলে খেলা, শেখা এবং আনন্দের এক বিশেষ মেলবন্ধন তৈরি করতে চলেছে এই নতুন অনুষ্ঠান।

যদিও এখনও অনুষ্ঠানের সম্প্রচারের দিন ও সময় ঘোষণা করা হয়নি, তবে অডিশনের দিনক্ষণ ইতিমধ্যেই জানানো হয়েছে। আগামী ১৪ জুন থেকে শুরু হবে ‘ছানাগিরি’-র অডিশন পর্ব। প্রথম অডিশন অনুষ্ঠিত হবে বারাসাতে। অংশগ্রহণকারীদের উপস্থিত থাকতে হবে বারাসাত অ্যাসোসিয়েশন, যশোর রোডে, অঞ্জলি জুয়েলার্সের বিপরীতে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এই অডিশন প্রক্রিয়া। আগ্রহী শিশু ও তাঁদের মায়েরা সেখানেই নিজেদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন।

আরও পড়ুনঃ “এক সময় বাংলার ৮০০টি একক সিনেমা হল ছিল, আমি কোনও রং চাই না…” যিশু সেনগুপ্তের দাবি, বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচাতে কী চাইলেন বিজেপি সরকারের কাছে?

উল্লেখযোগ্য বিষয় হল, ‘লাখ টাকার লক্ষী লাভ’ অনুষ্ঠানের সাফল্যের পর আরও একটি নতুন রিয়ালিটি শো নিয়ে আসছেন পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায়। সান বাংলার পাশাপাশি তিনি ‘মিরাক্কেল’, ‘সুপার সিঙ্গার জুনিয়র’ এবং ‘ডান্স বাংলা ডান্স’-এর মতো জনপ্রিয় অনুষ্ঠান পরিচালনা করেছেন। এছাড়া দর্শকদের সঙ্গে ‘দাদাগিরি’-র প্রথম পরিচয়ও করিয়েছিলেন তিনিই। তাঁর পরিচালনায় সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালক হিসেবে নতুন পরিচয় পেয়েছিলেন। তাই ‘রিয়ালিটি কিং’ খ্যাত শুভঙ্করের এই নতুন উদ্যোগ ঘিরে দর্শকদের মধ্যেও ইতিমধ্যেই বাড়ছে উৎসাহ।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর