না! আর ‘গেন্দা ফুল’ নয়, এবার সুর তুলল ‘গাঁদা ফুল’ই, নেপথ্যে রতন কাহার

চলতি বছরের মার্চের শুরুর দিকেই মুক্তি পায় বহু চর্চিত গান ‘গেন্দা ফুল’। এই গানের সৃষ্টিকর্তা রতন কাহারকে কোনওরকম কৃতিত্ব না দিয়েই তার লেখা বাংলা জনপ্রিয় আঞ্চলিক গান ‘বড়োলোকের বিটি লো’ নিজের ‘গেন্দা ফুল’ অ্যালবামে ব্যবহার করেন র‍্যাপ সিঙ্গার বাদশা। তার অ্যালবামের কোথাও রতন কাহারের নাম না নেওয়ায় চরম বিতর্কের মুখে পড়েন বাদশা। বাঙালি তথা বাংলা শিল্পীমহল ও সংবাদমাধ্যমের রোষের মুখে পড়তে হয় তাকে। বাদশা নিজের দোষ স্বীকার করে জানান যে গানটি পুনরায় নতুন করে বানানোর আগে তিনি রতন কাহারের নামের উল্লেখ কোথাও পাননি। যার জেরে তাঁকে কৃতিত্বও দেওয়া হয়ে ওঠেনি। তবে পরবর্তীকালে সবটা জানার পর তিনি তার মিউজিক ভিডিওতে রতন কাহারের নাম উল্লেখ করেন এবং বাদশা তাঁকে আর্থিকভাবে সাহায্য করেন বলেও জানা যায়।

এবার পরিচালক অরিন্দম শীলের হাত ধরেই আবার নতুন রূপে মুক্তি পেল সেই গানটিই। তবে এবার আর ‘গেন্দা ফুল’ নামে নয়, বাংলার ভাষা ‘গাঁদা ফুল’ নামেই। শনিবার ১০ই অক্টোবরই মুক্তি পেল ‘গেন্দা ফুল’ মিউজিক ভিডিওর নতুন রূপান্তর ‘গাঁদা ফুল’। এই মিউজিক ভিডিও তৈরির উদ্যোক্তা হলেন পরিচালক অরিন্দম শীল ও খ্যাতনামা তবলাবাদক বিক্রম ঘোষ।

‘গেন্দা ফুল’ মিউজিক ভিডিওটি নতুনভাবে সাজিয়ে দর্শকদের উপহার দিলেন বিক্রম ঘোষ। তবে মিউজিক ভিডিওটির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল গানটির কেন্দ্রবিন্দুতে রয়েছেন স্বয়ং গীতিকার ও সুরকার রতন কাহার। তাঁর সঙ্গে সুরে তাল মিলিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী। মিউজিক ভিডিওতে নৃত্যশিল্পী হিসেবে দেখা গিয়েছে দেবলীনা কুমারকে। তবে সবচেয়ে মজার বিষয় এই যে, গানটি থেকে একেবারে বাদ পড়েননি বাদশা ও জ্যাকলিনও, তাদেরও দেখা মিলেছে নতুন করে সুসজ্জিত এই ‘গাঁদা ফুল’ গানে।

আরও অন্যান্য খবর