ইন্ডিয়ান আইডলের কারণে অরুণিতা কাঞ্জিলাল সকলের কাছেই বেশ পরিচিত। আর তাঁর সঙ্গেই জড়িয়ে রয়েছে পবনদীপ রাজনের নাম। তাদের জুটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। দেশে তো বটেই, এবার লন্ডনে গিয়েও সেখানকার মঞ্চ কাঁপাল অরুণিতা-পবনদীপের জুটি।
ইন্ডিয়ান আইডলের ফাইনালে বিজয়ী হয়েছিলেন পবনদীপ। আর অরুণিতা হয়েছিলেন প্রথম রানার্স আপ। তবে বাংলা ও বাঙালির কাছে অরুণিতাই বিজয়ী। ইন্ডিয়ান আইডলের সময় থেকেই একসঙ্গেই রয়েছে এই জুটি। মাঝে মধ্যে একসঙ্গে রিল ভিডিও বানাতেও দেখা যায় তাদের। এবার এই জুটি উড়ে গেল বিদেশে।
লন্ডনের একটি কনসার্টে গান গাওয়ার জন্য ডাক পেলেন অরুণিতা-পবনদীপ। সেখানে মঞ্চে উঠে ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির ‘মনওয়া লাগে’ গানটি একসঙ্গে পারফর্ম করেন তারা। তাদের সেই গানেই মেতে উঠলেন লন্ডনবাসী। সম্প্রতি, সেই কনসার্টের কিছু ভিডিও ক্লিপ বেশ ভাইরাল হয়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে অরুণিতা শাড়ি পরেই লন্ডনের মঞ্চ কাঁপাচ্ছেন।
View this post on Instagram
ইন্ডিয়ান আইডল চলাকালীনই গায়ক হিমেশ রেশমিয়া অরুণিতা-পবনদীপকে দিয়ে গান রেকর্ড করানোর কথা বলেছিলেন। ফাইনালের আগে একটি গান রেকর্ড করেছিলেন তারা। এরপর আরও দুটি গানে জুটি বাঁধেন অরুণিতা-পবনদীপ।
অরুণিতা ও পবনদীপকে সর্বদাই একসঙ্গে দেখা যায়। ইন্ডিয়ান আইডল চলাকালীন বেশ চর্চার মধ্যেই ছিলেন এই জুটি। অনেকেরই ধারণা ছিল যে তাদের মধ্যে হয়ত বিশেষ সম্পর্ক রয়েছে। তবে বরাবরই তা অস্বীকার করেছেন অরুণিতা ও পবনদীপ, দুজনেই। তাদের কথায়, তারা একে অপরের খুব ভালো বন্ধু।





