কার্গিলে শুটিং-এর সময়ই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলেন অভিনেতা রাহুল রায়। কার্গিলে অতিরিক্ত ঠাণ্ডার কারণেই এই ঘটনা ঘটেছে বলে মনে করছেন চিকিৎসকেরা। কার্গিল থেকে তড়িঘড়ি করে তাকে প্রথমে শ্রীনগর আনা হয়। সেখান থেকে মুম্বই। বর্তমানে মুম্বইয়ের নানাবতী হাসপাতালের আইসিইউ-তে ভর্তি রয়েছেন অভিনেতা। তবে আগের চেয়ে তার স্বাস্থ্যের উন্নতি হয়েছে বলে জানা গিয়েছে। চিকিৎসাতেও সারা দিচ্ছেন অভিনেতা।
খবর সূত্রে জানা গিয়েছে, কার্গিলে ‘LAC- লিভ দ্য ব্যাটল’ নামের একটি ছবির শুটিং করছিলেন রাহুল রায়। সেখানে অত্যাধিক ঠাণ্ডার কারণে তার মস্তিষ্কে আচমকাই রক্তক্ষরণ শুরু হয়। সেখান থেকেই তাকে আগে শ্রীনগর আনা হয়, তারপর মুম্বই। অভিনেতার ভাই রোমির রায় জানিয়েছেন যে রাহুলের করোনা পরীক্ষার রিপোর্টও নেগেটিভ এসেছে।
উল্লেখ্য, ১৯৯০ সালে মহেশ ভাট পরিচালিত ‘আশিকি’ ছবিতে অভিনয়ের মধ্যে দিয়ে রাহুল নিজের অভিনয় জীবন শুরু করেন। প্রথম ছবিতেই দর্শকের মনে জায়গা করে নেন তিনি। সেই সময় ছবিটি সুপারহিট হয়েছিল। সেই ছবির গান আজও মানুষের মুখে মুখে। অভিনেতার অসুস্থতার খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার ভক্তকূল। সকলেই তার দ্রুত আরোগ্য কামনা করছেন।
বেশ কিছুটা সময় অভিনয় জীবন থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন, তিনি নিজের ইচ্ছাতেই স্পটলাইট থেকে সরে গিয়েছেন। তাই ইন্ডাস্ট্রিতে কী হচ্ছে না হচ্ছে, এই নিয়ে তাঁর কোনও কিছু এসে যায় না।
২০০৫ সালে বিগ বস-এর প্রথম সিজনের প্রতিযোগী ছিলেন রাহুল রায়। ফাইনালে রবি কিষাণ ও ক্যারল গ্রেসিসকে হারিয়ে এই গেমের বিজয়ী হন তিনি। ২০১৭ সালে বিজেপিতে যোগ দেন অভিনেতা। এরপর থেকেই ফের তাঁর কাছে ছবির প্রস্তাব আসতে শুরু করে।





