অবশেষে পশ্চিমবঙ্গে খুলছে স্কুল-কলেজ, ক্লাস শুরু পঞ্চম শ্রেণী থেকেই, ঘোষণা মমতার, কিন্তু কবে? জানতে পড়ুন

দীর্ঘ সময় ধরে বন্ধ থাকার পর অবশেষে রাজ্যে খুলছে স্কুল-কলেজ। আজ, সোমবার নবান্ন থেকে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ টালবাহানার পর করোনা আবহেই খুলছে স্কুল-কলেজ।

২০২০ সালে করোনার কারণে বন্ধ হয়ে যায় সমস্ত স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানগুলি। মাঝে করোনা কিছুটা নিয়ন্ত্রণে এলে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত খুলেছিল স্কুল। কিন্তু ওমিক্রনের বাড়বাড়ন্তের জেরে ফের তালা পড়ে স্কুল-কলেজের গেটে।

করোনার কারণে রাজ্যে এখনও বলবত রয়েছে বেশ কিছু বিধিনিষেধ। পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হওয়ায় এই বিধিনিষেধও শিথিল করা হচ্ছে। এমন আবহে এবার স্কুল-কলেজ খোলারও সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

রাজ্যের তরফে আগে জানানো হয়েছিল যে পরিস্থিতি খতিয়ে দেখে বিচার করা হবে যে স্কুল-কলেজ আদৌ খোলা হবে কী না!।, আজ নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে আগামী বৃহস্পতিবার অর্থাৎ ৩রা ফেব্রুয়ারি থেকে খুলবে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলি।

তবে জানানো হয়েছে যে আপাতত অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলে ক্লাস হবে। আর পঞ্চম থেকে সপ্তম শ্রেণীর পড়ুয়াদের পড়াশোনার জন্য হবে ‘পাড়ায় পাড়ায় পাঠশালা’। স্কুল খোলার পর ৪ ও ৫ ফেব্রুয়ারি সরস্বতী পুজোর জন্য বন্ধ থাকবে স্কুল। ফের সোমবার থেকে পুরোদমে ক্লাস চলবে স্কুল-কলেজে।

বলে রাখি, স্কুল খোলার দাবী জানিয়ে আজ, সোমবার রাজ্যজুড়ে আন্দোলন করে বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই। দমদম থেকে শুরু করে বারাসাত, চুঁচুড়া, বোলপুর নানাম জায়গায় চলে বিক্ষোভ। এবিভিপি-র তরফেও এই একই দাবী জানিয়ে সল্টলেকে বিক্ষোভ দেখানো হয়। এবার অবশেষে স্কুল খোলার অনুমতি মিলল নবান্নের তরফে।

আরও অন্যান্য খবর