পুরনো ঘটনার স্মৃতিচারণ! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৯ সালে বেয়ার গ্রিলস সঞ্চালিত শো, ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এ বিশেষ অতিথির ভূমিকায় অংশ নিয়েছিলেন। সেই সময় শো-এর এই পর্বটি সবথেকে বেশিবার দেখা শো-এর মধ্যে অন্যতম হয়েছিল। গতকাল ফের একবার তাদের সেই রোমাঞ্চকর অভিজ্ঞতার স্মৃতিচারণ করলেন শো-এর সঞ্চালক বেয়ার গ্রিলস।
এদিন নিজের ফেসবুকে নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর একটি ছবি পোস্ট করে তিনি লেখেন যে, “আমার অন্যতম প্রিয় ছবি”। ছবিতে দেখা যাচ্ছে মোদী ও বেয়ার গ্রিলস, দু’জনেই ভিজে জামাকাপড়ে মাটিতে বসে আছেন। গ্রিলস লেখেন যে ছবিটি সে সময়ের যখন তাঁরা এক রোমাঞ্চকর জঙ্গল সাফারির পর চা খাচ্ছিলেন। তিনি এও বলেন যে তিনি ইন্ডিয়ান সিক্রেট সার্ভিসকে নিশ্চিত করেছিলেন যে জলে মোদীর পা যাতে না ভিজে যায়। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি।
One of my favourite photos: soaking wet and sharing a cup of tea with Prime Minister Modi after our Discovery jungle…
Posted by Bear Grylls on Friday, 5 February 2021
গ্রিলস এও বলেন যে তিনি তাদের দু’জনের জন্য একটি ছোটো ডিঙি বানিয়েছিলেন। কিন্তু মোদীজি সেই ডিঙ্গিতে ওঠার সঙ্গে সঙ্গেই তা প্রায় ডুবে যায়। এই কারণে তিনি নিজে ডিঙি থেকে নেমে যান ও সাঁতরে যান। তাঁর কথায়, “এই মুহূর্তে আমার মনে হয়েছিল বন্যরা সত্যিই কতটা উঁচু দরের। আসলে শিরোনাম ও মুখোশের আড়ালে আমরা সকলেই একই মানুষ। দু’জনেই চা ভাগ করে খাচ্ছি ও উষ্ণ থাকার চেষ্টা করছি”। গ্রিলস এও বলেন যে এই সমস্ত কাহিনীগুলো তিনি নিজের আত্মজীবনী ‘নেভার গিভ আপ’-এ অবশ্যই লিখবেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৯ সালে ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’ শো-তে অংশ নেন। এই পর্বটি ডিসকভারি চ্যানেলে সম্প্রচার হয় সেই বছরের ১২ই আগস্ট। এই পর্বটি শুধু ভারতেই নয়, গোটা বিশ্বে সবচেয়ে বেশি ট্রেন্ড হওয়া একটি অনুষ্ঠান হয়। গ্রিলস এই অভিজ্ঞতার বিষয়ে বলেন ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের জিম করবেট জঙ্গলে এরকম অভিযান করতে পেরে তিনি আপ্লুত। এছাড়াও, দেশ ও দেশের যুবসমাজের প্রতি মোদীর যে দূরদর্শিতা, তাকেও সম্মান জানান তিনি।






