‘বাদাম কাকুর’ জনপ্রিয়তা এখন তুঙ্গে। চারিদিকে এখন যেন ‘বাদাম কাকু’র জয়জয়কার হচ্ছে। বীরভূমের শিল্পী ভুবন বাদ্যকর পেশায় বাদাম বিক্রেতা। তবে তাঁর গাওয়া গানে এখন নেটপাড়ায় হট কেক। রাজ্য বা দেশ তো বটেই, বিদেশের মাটিতেও বাদাম কাকুর এই ‘কাঁচা বাদাম’ গান ছড়িয়ে পড়েছেন। কিছুদিন আগেই রাজ্য পুলিশের তরফে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।
বর্তমানে বিদেশ থেকেও ডাক পেয়েছেন ভুবন বাদ্যকর। কিন্তু স্বামীর এত নামডাক হয়ে যাওয়ায় এবার ভয় বাসা বেঁধেছে ভুবন বাদ্যকরের স্ত্রী অনিমার মনে। তাঁর স্বামী আবার বিয়ে করতে পারেন, এমন ভাবনা তাড়া করে বেড়াচ্ছে তাঁর মনে। এই কারণে স্বামীকে কাছছাড়া করতে নারাজ তিনি।
ভুবন বাদ্যকরের ‘কাঁচা বাদাম’ ভাইরাল হওয়ার পিছনে বাংলাদেশের নেটিজেনদের হাত ছিল। তিনি কি তাহলে ভবিষ্যতে কখনও বাংলাদেশে পাড়ি যাবেন? প্রশ্নের জবাবে ‘বাদাম কাকু’ বলেন, “বাংলাদেশে আমি যাব না। আমার বউ যেতে দিচ্ছে না”।
কিন্তু এমন কেন? তাঁকে বাংলাদেশ কেন যেতে দিচ্ছেন না তাঁর স্ত্রী অনিমা বাদ্যকর? এই প্রশ্নের জবাবে ভুবন বাদ্যকর বলেন, “আমার স্ত্রী অন্য রকম ভাবছেন। ও ভাবছে ওখানে গেলে যদি আমাকে আর না ছাড়ে। যদি সেখানে বিয়ে করে নিই। সেই জন্য যেতে দিচ্ছে না”। সরল গলায় বলেন সকলের প্রিয় ‘বাদাম কাকু’।
সম্প্রতি, ভুবন বাদ্যকর জানিয়েছেন যে তিনি আর বাদাম বিক্রি করবেন না। তাঁর কথায়, “এখন বাদাম বিক্রি করতে গেলে বলবে, সেলিব্রিটি হয়ে গেলেন এখনও বাদাম বিক্রি করছেন। আর তারপরেও যদি বাদাম নিয়ে যাই তাহলে মানুষ আর বাদাম নেবেই না, শুধু ভিড়াভিড়ি করবে। সবাই বলবে, তোমাকে অনেক দিন দেখিনি। গল্প করতে থাকবে, তাহলে আর বাদাম বিক্রি হবে না। দাঁড়িয়ে থাকতে হবে”।
উল্লেখ্য, গতকাল, বৃহস্পতিবার ইলামবাজারের এক অনুষ্ঠানে হাজির ছিলেন ‘বাদাম কাকু’ ভুবন বাদ্যকর। এই অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভুবন বাদ্যকর বলেন, “ওরা আমাকে সংবর্ধনা দিল। আর তিন লক্ষ টাকার চুক্তি হয়েছে”। উল্লেখ্য, এদিন একটি চুক্তি স্বাক্ষর করেছেন ভুবন বাদ্যকর। এদিনই তাঁকে দেড় লক্ষ টাকার চেক দেওয়া হয়েছে। পরে আরও দেড় লক্ষ টাকা দেওয়া হবে ‘বাদাম কাকু’কে।





