একসময় তিনি ছিলেন বাংলা সিনেমার দাপুটে খলনায়ক। তার কুটিল অভিনয় দেখে গা রি রি করে উঠত সকলের। তিনি হলেন বিপ্লব চ্যাটার্জী। বয়স তার ভালোই হয়েছে তবু অভিনয়ের খিদে তার মেটেনি। এখনো কোনো ভালো চরিত্রে অভিনয় করতে পেলে নিজেকে ধন্য মনে করবেন তিনি।
তবে সম্প্রতি এক বেসরকারি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি এমন কিছু কথা বলে ফেললেন যা হৈচৈ বাঁধিয়ে দিয়েছে টলিপাড়ায়। স্টার জলসার মহাপীঠ তারাপীঠে বিষ্ণু দাস কীর্তনীয়ার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে বিপ্লব চ্যাটার্জীকে। অল্প কয়েকদিনের অভিনয় তবু তাতেই রাজি হয়েছেন বিপ্লব বাবু। কারণ হিসেবে জানিয়েছেন, “এক বয়স্ক কীর্তনিয়ার চরিত্রে অভিনয় করছি। নাম বিষ্ণুদাস। আমার ঠোঁটে কীর্তন গান আছে। অভিনয় করতে বেশ লাগছে।”
তবে যিনি এক সময় বাংলা ইন্ডাস্ট্রি শাসন করতেন তিনি কিনা এখন সিরিয়ালে অল্প কয়েকদিনের জন্য কীর্তনীয়া সাজছেন? এই প্রশ্নের উত্তরে বিপ্লব চ্যাটার্জী জানিয়েছেন যে, তিনি খল চরিত্রে অভিনয় করে করে ক্লান্ত। আর পরিচালকেরা তাকে খলনায়ক চরিত্রে বাইরে অন্য চরিত্রে কাজ করতে ডাকতে পারেন না। কারণ তারা তাকে অন্য ভদ্রলোকের চরিত্রে ভাবেন না। তাঁর আক্ষেপ, তাঁকে ঠিক মতো ব্যবহারই করতে পারল না টলিউড।
তবে বাংলার টেলি সিরিয়াল নিয়ে তার যে অনেক অভিযোগ আছে তা পরবর্তী কথাতেই বোঝা গেল। তিনি মহাপীঠ তারাপীঠ কে যথেষ্ট ভাল বলছেন এবং সেখানকার ক্রুদের ব্যবহার খুব ভালো বলছেন। এছাড়াও স্টার জলসার একটি সিরিয়াল আয় তবে সহচরী তার যথেষ্ট ভালো লেগেছে বলে জানিয়েছেন। কিন্তু তাকে যখন বলা হলো যে এই দুটো সিরিয়াল তো টিআরপি রেটিংয়ে স্থান করতে পারছে না তখন তিনি রেগে গিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসেন, ‘‘টাকা দিয়ে টিআরপি কেনা যায় এ কথা কে না জানে! যে যাই বলুন, ‘সহচরী’তে সাহানা দত্তের চিত্রনাট্য আর কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের অভিনয় আমার ভীষণ ভাল লাগছে। কাজ করতে এসে দেখছি, ‘মহাপীঠ তারাপীঠ’-এর সেটের সবাইও ভীষণ ভদ্র।‘’





