কঙ্গনার সঙ্গে ফের সংঘাতে বিএমসি, এবার অভিনেত্রীর হাউসিং সোসাইটিকে নোটিশ দিল পুরসভা

বিএমসি বনাম কঙ্গনা রানাউত লড়াই যেন থামছেই না। কঙ্গনার অফিস ভাঙার পর এবার নতুন করে বিবাদ বাঁধাতে চলেছে বিএমসি। যা নিয়ে শুরু হয়েছে নতুন গন্ডগোল। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এবার কুইন অভিনেত্রীর হাউসিং সোসাইটি চেতককে নোটিস পাঠাল বিএমসি। এই সোসাইটিতে কাদের ফ্ল্যাট রয়েছে তা বিএমসিকে জানাতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও এই সোসাইটি গত তিন বছর ধরে কী ধরনের মিটিং করেছে, কারা কারা এই সোসাইটির সঙ্গে জড়িত রয়েছেন তার সম্পর্কে বিশদ তথ্য বিএমসির হাতে তুলে দিতে হবে।

সুশান্ত সিং রাজপুত-এর মৃত্যুর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় বলিউডের একাংশের বিরুদ্ধে সরব হয়েছিলেন কঙ্গনা। সেই শুরু, এরপর একের পর এক ব্যক্তিত্বকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন মণিকর্ণিকা অভিনেত্রী। বিগত কয়েকদিনে লড়াইটা হয়ে দাঁড়ায় শিবসেনা বনাম কঙ্গনার। বলিউড থেকে যুদ্ধটা চলে আসে রাজনীতির আঙিনায়। মুম্বইকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করে জোরদার বিতর্কে জড়ান কঙ্গনা। এমনকি বাণিজ্য নগরীকে সরাসরি পাকিস্তান বলেও দাগিয়ে দেন কঙ্গনা। এরপরেই কঙ্গনার অফিস ভেঙে দেয় বিএমসি, তাদের অবশ্য দাবি এই বাড়িতে বেআইনি নির্মাণ হয়েছে, যদিও কঙ্গনার দাবি বিএমসি মিথ্যা কথা বলছে।

অন্যদিকে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলছেন, মুম্বইতে এখনও দাউদ ইব্রাহিমের পুরনো বাড়ি বহাল তবিয়তে রয়েছে এদিকে কঙ্গনার অফিস ভেঙে দেওয়া হচ্ছে। এরপরেই বিজেপির সঙ্গেও শিবসেনার বিরোধ বাঁধে। ফলে এখন গোটা বিষয়টি পুরোপুরি রাজনৈতিক হয়ে গিয়েছে যার শেষ কোথায় বলা যাচ্ছে না।

RELATED Articles

Leave a Comment