ফের আফগানিস্তান দখল করেছে তালিবানরা। এর জেরে আফগানরা তো বটেই গোটা দেশের মানুষ রীতিমতো ভয়ে স্ত্রস্ত। ফের কাবুলে ফিরছে জেহাদি সরকার। তবে ভারতে মুসলিমদের একাংশ নাকি তালিবানদের এই জয়ে বেশ উল্লসিত। বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ্’র এমনটাই দাবী। তিনি বলেন, যেসমস্ত ভারতীয় মুসলিম তালিবানের জয়ে আনন্দ করছে, তারা আরও ভয়ংকর।
গতকাল, বুধবার রাতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দেন ৭১ বছরের অভিনেতা। এই ভিডিওতেই সমস্ত ক্ষোভ উগরে দেন তিনি। তাঁর কথায়, “গোটা বিশ্ব যেখানে সন্ত্রস্ত আফগানিস্তানে তালিবানের ক্ষমতায় প্রত্যাবর্তন দেখে, সেখানে ভারতীয় মুসলমানদের একাংশ জয় উদযাপন করছেন”।
নাসিরুদ্দিন শাহ প্রশ্ন রাখেন, “তালিবানের প্রত্যাবর্তনে যাঁরা উল্লসিত, তাঁদের প্রশ্ন করতে চাই আপনারা কি সেকেলে অসভ্য বর্বর সমাজের পক্ষপাতী? নাকি তাঁরা নতুন দিনের আধুনিক ইসলামকে চান”?
এছাড়াও নাসিরুদ্দিনকে বলতে শোনা যায় যে বিশ্বের অন্যান্য জায়গায় যেভাবে ইসলামের ব্যাখ্যা করা হয়, এদেশে সেভাবে ইসলামের শিক্ষা দেওয়া হয় না। তাঁর কথায়, “ঈশ্বরের কাছে প্রার্থনা করি, এমন দিন যেন না আসে যে সত্যিকারের ইসলামকে আমরা চিনেই উঠতে পারলাম না”।
তিনি আরও বলেন, “আমি একজন ভারতীয় মুসলিম যেমন বহু বছর আগে মির্জা গালিব ছিলেন। ঈশ্বরের সঙ্গে আমার সম্পর্ক এমনই যে আমার কোনও রাজনৈতিক ধর্মের প্রয়োজন নেই”। তাঁর এই ভিডিও শেয়ার করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়।
গত ১৫ই আগস্ট কাবুল দখল করে নেয় তালিবান। এরপরই কার্যত গোটা আফগানিস্তানের উপর ক্ষমতা কায়েম করে নেয় তারা। কাবুল দখলের পরই দেশ ছাড়েন আফগান রাষ্ট্রপতি। তালিবানের শাসনে ফের একবার অন্ধকার যুগের সূচনা হতে চলেছে আফগানভূমে এমনটাই মত আফগানদের। প্রথমের দিকে মহিলাদের স্বাধীনতা দেওয়ার কথা বললেও যতদিন যাচ্ছে ততই ধীরে ধীরে সেই পুরনো তালিবানি চোখ রাঙানিই ফিরছে সে দেশে।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!