‘ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়ার জন্য সেক্সিজম খুবই গুরুত্বপূর্ণ’, বলিউডের ‘কাস্টিং কাউচ’ নিয়ে বিস্ফোরক ‘দঙ্গল’ অভিনেত্রী ফতিমা সানা শেখ

মাত্র তিন বছর বয়সেই তাকে যৌন নির্যাতনের শিকার হতে হয়। এরপর একের পর এক লড়াই পেরিয়ে বলিউডে পা রাখেন তিনি। কিন্তু সেখানেও কম হেনস্থা হতে হয়নি অভিনেত্রীকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সেই ভয়ংকর অভিজ্ঞতার কথাই শেয়ার করলেন ফতিমা।

সাক্ষাৎকারে তিনি নিজের জীবনের ওঠাপড়া, অন্ধকারময় অভিজ্ঞতার কথা তুলে ধরেন সকলের সামনে। বলিউডের কিছু প্রথম সারির অভিনেত্রী দীপিকা পাড়ুকোণ, ঐশ্বর্য রাই বচ্চনের মতো তাকে দেখতে না হওয়ায় অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হন তিনি। ফতিমা বলেন, “মাত্র তিন বছর বয়সে আমাকে যৌন হেনস্থার শিকার হতে হয়েছে। যৌন নির্যাতনকে ঘিরে একটি সামাজিক কলঙ্ক থাকে, সেই কারণেই এই ভয়াবহতার শিকার হয়েও মেয়েরা মুখ খুলতে চায় না। কিন্তু এখন সময় অনেক পাল্টেছে, মানুষ অনেক সচেতন হয়েছে।”

এরপর বলিউডে তার স্ট্রাগলের কথা বলতে গিয়ে তিনি বলেন, “আমাকে বহুবার শুনতে হয়েছে যে তুমি নায়িকা হতে পারবে না। তোমাকে দীপিকা বা ঐশ্বর্যের মতো দেখতে নয়, তাহলে তুমি কীভাবে নায়িকা হবে। কিন্তু এখন যখন আমি পিছনে ফিরে তাকাই, সৌন্দর্যের মাপকাঠি বুঝি এটাই। সেই মাপকাঠির মতো না হলে নায়িকা হওয়া যায় না। কিন্তু আমি কোনওদিনই সেই মাপকাঠির মধ্যে পড়তাম না, আলাদাই ছিলাম অনেকটা। কিন্তু সুযোগ এসেছে আমার মতো খুব সাধারণ দেখতে মেয়েকে নিয়েও অনেক ছবি হচ্ছে।”

সম্প্রতি বলিউড ঘেঁটে আছে স্বজনপোষণ ও মাদকযোগের ঘটনা নিয়ে। এরই মধ্যে বলিউডের ‘কাস্টিং কাউচ’ নিয়ে আরও একটি বোমা ফাটালেন ফতিমা। তিনি বলেন, তিনি অনেকবার যৌনতার পরিবর্তে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন। সেই প্রস্তাবে রাজী না হওয়ায় অনেক ছবির কাজ হাতছাড়া হয়ে গেছে তার। এমনকি, তাকে অনেকবার এও শুনতে হয়েছে যে ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়ার জন্য সেক্সিজম নাকি খুব গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন যে, এই লড়াইটা হয়ত অনেক মেয়েকেই প্রতিদিন লড়তে হয়, তবে আগামী দিনে নিশ্চয় ভালো কিছু হবে বলে আশা রেখেছেন ফতিমা।

প্রসঙ্গত, আমির খানের ‘দঙ্গল’ ছবি দিয়েই বলিউডে আত্মপ্রকাশ করেন ফতিমা। ছবিতে আমির খানের মেয়ে কুস্তীগির গীতার চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেন তিনি। তাড়াতাড়িই মুক্তি পেতে চলেছে ফতিমার দুটি ছবি ‘লুডো’ ও ‘সুরজ পে মঙ্গল ভারী’।

RELATED Articles