গুরুং-এর প্রত্যাবর্তনে ফের উত্তপ্ত পাহাড়, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের ইঙ্গিত জিটিএ কর্তাদের

প্রায় তিন বছর গা ঢাকা দিয়ে থাকার পর পুজোর আগেই প্রকাশ্যে আসেন বিমল গুরুং। কলকাতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থনের কথাও জানান তিনি। তাকে গ্রেফতার করা তো দূর হস্ত, তার খাতিরে লেগে জান রাজ্যের পুলিশ প্রশাসন। কিন্তু গুরুং-এর ফিরে আসাকে মোটেই ভালো চোখে নিচ্ছেন না জিটিএ কর্মকর্তা বিনয় তামাং ও অনিক থাপা। এর জেরে ফের উত্তপ্ত পাহাড়ের পরিস্থিতি। এবার এই পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামতে হতে পারে খোদ মুখ্যমন্ত্রীকেই, এমনটাই হওয়ার সম্ভাবনা আশা করা যাচ্ছে।

সূত্রের খবর অনুযায়ী, আগামী সপ্তাহের মঙ্গলবারই বিনয় তামাং এবং অনিক থাপাদের সঙ্গে বৈঠকে বসতে পারেন মুখ্যমন্ত্রী। এই বৈঠকের জন্য নবান্নে ডেকে পাঠানো হবে বিনয় তামাং ও অনিক থাপাদের। যদিও এই বৈঠক নিয়ে এখনও পর্যন্তই কোনও টুঁ শব্দটি করেননি বিনয় তামাং। তবে একটা বৈঠক হতে পারে, এমন ইঙ্গিত দিলেন তিনি। জানান, রবিবার বিকেলের মধ্যে তিনি এই বৈঠকের ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারবেন।

বছর গড়ালেই বিধানসভা ভোট। এই ভোটে উত্তরবঙ্গের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আর সেই কারণেই বিমল গুরুংকে যে কৌশলী পদক্ষেপ হিসেবে রাজ্য সরকার বেছে নিয়েছে, এ বিষয়ে কোনও ধন্ধ নেই। কিন্তু এই মুহূর্তে পাহাড় উত্তপ্ত হলে সেই আঘাত যে একুশের ভোটকে প্রভাবিত করতে পারে, এও ভালভাবেই বুঝেছেন তৃণমূল দলনেত্রী। এই কারণেই আগাম পদক্ষেপ নিয়ে তামাংদের সঙ্গে জরুরী আলোচনায় বসতে উদ্যোগী মুখ্যমন্ত্রী।

এদিকে, এই পরিস্থিতিতে বর্তমানে পাহাড়ে রয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। আগামী একমাস তিনি পাহাড়ে থাকবেন বলে জানিয়েছেন। এই একমাস ধরে পাহাড়ের মানুষের সমস্যার কথা শুনবেন তিনি। দেখা করবেন অনেকের সঙ্গে। পাহাড়ে যখন পরিস্থিতি বেশ উত্তপ্তের দিকে, এমন অবস্থায় রাজ্যপালের পাহাড় সফর, মুখ্যমন্ত্রীর উপর বাড়তি কোনও চাপ সৃষ্টি করে কী না, এ নিয়েও আশঙ্কা থেকেই যাচ্ছে।

RELATED Articles