করোনা মহামারী শুরুর পর দেশজুড়ে আরম্ভ হয় লকডাউন। এই সময় থেকেই একের পর এক কাজ করে চলেছেন সোনু সুদ সাধারণ মানুষের জন্য। সে পরিযায়ী শ্রমিকদের দায়িত্ব নিয়ে ঘরে ফেরানো হোক না কেন বা কোনো এক অপরিচিত বোনের জন্য বাড়ি তৈরি করার টাকা দান করাই হোক না কেন! গরিব মানুষদের কাছে তিনি হয়ে উঠেছেন ভগবানের দূত এবং দেশের মানুষের কাছে তিনি রিয়েল লাইফের নায়ক। এবার মাওবাদী অধ্যুষিত বন্যাকবলিত এলাকার এক গরিব পরিবারের পাশে দাঁড়ালেন সোনু সুদ। ছত্রিশগড়ের বস্তার বন্যা কবলিত এলাকাটি মাওবাদী অধ্যুষিত এলাকা নামেই পরিচিত। গত পাঁচ দিন ধরে সেখানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যার ফলে বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।
https://twitter.com/SonuSood/status/1295982139805061121
এই বন্যার ফলে এক আদিবাসী কন্যার ঘর ভেসে গিয়েছে। তার পড়াশোনার সমস্ত বইপত্র ভেসে যাওয়ার কষ্টে কান্নায় ভেঙ্গে পড়ে ওই কিশোরী, এক স্থানীয় সাংবাদিকের ক্যামেরায় যা ধরা পড়ে। ওই সাংবাদিক সেই ভিডিওটি ফেসবুকে নিজের ওয়ালে পোস্ট করলে তা নজরে আসে সোনু সুদ-এর।
ওই ভিডিও দেখা মাত্রই সোনু সুদ টুইট করে জানিয়েছেন, “বোন তুমি চোখের জল মুছে ফেলো। নতুন বই আসবে, আর বাড়িও নতুন করে তৈরি হবে।” যদিও অঞ্জলি কুদিয়াম নামক উক্ত কিশোরীর পাশে দাঁড়িয়েছেন স্থানীয় প্রশাসন। তার বাড়ি তৈরীর জন্য ১.১ লক্ষ টাকা ইতিমধ্যেই তুলে দেওয়া হয়েছে। এছাড়াও তার নার্সিং পড়ার সমস্ত বইও কিনে দেওয়া হবে বলে কথা দিয়েছেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, ছত্রিশগড়ের বস্তার মাওবাদী অধ্যুষিত এলাকাটি বন্যায় প্রায় পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। ইতিমধ্যেই ওই এলাকার একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে তাছাড়াও ১২০ টির বেশি বাড়ি ধসে গিয়েছে। প্রায় ১৫০০ জনের মত মানুষ গৃহহীন হয়েছেন এবং তাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
প্রতিবেদনটি লিখেছেন – অন্তরা ঘোষ






