রিয়া-শৌভিকের পর মাদক মামলায় নাম উঠে এল আরও এক বলিউডি ভাই-বোনের নাম। সরাসরি না হলেও এনারা বলিউডের সঙ্গে যুক্ত। মাদক মামলায় যুক্ত থাকার সন্দেহে বলিউড অভিনেতা বিবেক ওবেরয়ের স্ত্রী প্রিয়াঙ্কা আলভাকে সমন পাঠিয়েছে সিটি ক্রাইম ব্রাঞ্চ।
এর আগে সান্ডালহুড মাদক মামলায় নাম উঠে আসে প্রিয়াঙ্কার ভাই আদিত্য আলভার। অভিযোগ, তিনি এক কন্নড় অভিনেত্রীকে মাদক পাচার করতেন। এই খবর সামনে আসতেই শুরু হয় তদন্ত। জানা যায়, আদিত্য-এর হেব্বাল লেক-এর ফার্ম হাউজে প্রায়শই মাদক পার্টি চলত। এই পার্টিতে উপস্থিত থাকতেন কন্নড় সিনেমা জগতের অনেক তারকা। ইতিমধ্যেই এই সান্ডালহুড মাদক মামলায় মোট ১৫জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে রয়েছেন কন্নড় অভিনেত্রী রাগিণী দ্বিবেদী, সঞ্জনা গালরানি, পার্টি আয়োজক বীরেন খান্না, প্রোমোটার রাহুল থন্স এবং অন্যান্য।
এরপর থেকেই প্রায় দেড় মাস ধরে পালিয়ে বেড়াচ্ছেন আদিত্য। বৃহস্পতিবার বিবেক ওবেরয়ের মুম্বই-এর বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। কিন্তু সেখানে আদিত্যকে পাওয়া যায়নি। এরপরই বিবেকের স্ত্রী, আদিত্য-এর বোন প্রিয়াঙ্কা আলভাকে সমন পাঠায় পুলিশ। পুলিশের সন্দেহ নিজের ভাইকে লুকিয়ে থাকতে সাহায্য করছেন তিনি।
বেঙ্গালুরুর পুলিশ কমিশনার জানান, “দেড় মাস ধরে আদিত্য ফেরার। আমাদের কাছে খবর ছিল যে ও বিবেক ওবেরয়ের বাড়িতে গা ঢাকা দিয়েছে। তাই জন্যই কোর্টের অনুমতি নিয়েই তার বাড়িতে তল্লাশি চালানো হয়”। শুক্রবারই প্রিয়াঙ্কাকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠানো হয়েছে সিটি ক্রাইম ব্রাঞ্চের পক্ষ থেকে।





