চুম্বনের পীঠস্থান হলিউড। চুমু ছাড়া হলিউড সিনেমা সাধারণত ভাবা যায় না। আমাদের ভারতীয় সিনেমা যেখানে এখন সাবালক হওয়া শুরু করেছে সেখানে কিন্তু হলিউড বহুদিন থেকেই সাবালক। এহেন সাবালকত্বে এবার হানা দিল করোনা। এমনিতেই করোনার জেরে বিশ্বজুড়ে শ্যুটিং বন্ধ প্রায় সব দেশে। ধীরে ধীরে লকডাউন শিথিলের পথে হাঁটছে দেশগুলি। বিনোদন ইন্ডাস্ট্রিতেও তাই একগুচ্ছ বিধিনিষেধ আরোপ করে শুরু হতে চলেছে শ্যুটিং। সেখানেই উঠে এল এই প্রসঙ্গ, চুমুর দৃশ্য থাকবে না এখন হলিউডের কোনো প্রজেক্টে।
করোনা পরবর্তী শ্যুটিংয়ের জন্য নিউ ইয়র্ক এবং ক্যালিফোর্নিয়ার গভর্নরকে ২২ পাতার যে প্রস্তাবনা পাঠাল হলিউডের লেবার ইউনিয়ন এবং প্রযোজনা সংস্থাগুলি, সেখানেই রয়েছে এরকম শর্ত।
এছাড়াও আরও বিভিন্ন শর্তাবলী রয়েছে। একঝলকে দেখে নেওয়া যাক সেগুলো কী কী।
১.প্রস্তাবনায় নিয়মিত করোনা পরীক্ষা-সহ অন্যান্য সুরক্ষাবিধির কথা বলা হয়েছে।
২.প্রত্যেকের মাস্ক ও পিপিই কিট পরা বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে। ক্যামেরার সামনে থাকার সময় অভিনেতা-অভিনেত্রীরা এই নিয়ম থেকে ছাড় পাবেন বলে জানানো হয়েছে।
৩. ঘনিষ্ঠ এবং অপ্রয়োজনীয় দৃশ্য এড়ানোর কথা বলা হয়েছে।
৪. রিয়্যালিটি টিভি শো গুলি লাইভ অডিয়েন্স ছাড়া করার প্রস্তাব দেওয়া হয়েছে।
এই শর্তগুলো মানতেই হবে হলিউড প্রযোজক ও পরিচালকদের যদি তারা শ্যুটিং শুরু করতে চায়, জানা গিয়েছে এমনটাই।





