গত ১লা জুন থেকে শুরু হয়েছে আনলক পর্ব-১।করোনার জেরে গত মার্চ মাস থেকে লকডাউন চলার পর অবশেষে দেশকে স্বাভাবিক করার চেষ্টা করছে সরকার। খুলেছে বহু সরকারি এবং বেসরকারি অফিস। অথচ রাস্তায় নেমেছে গুটি কয়েক বাস। বন্ধ ট্রেন ও মেট্রো পরিষেবা। তাই এখন অফিস যাওয়া কোনো যুদ্ধের থেকে কম নয়। হাজারো হয়রানি পেরিয়ে যখন মানুষ অফিস ঢুকছে তখন সময়ের কাঁটা লেটের দিকে ইশারা করছে। একদিকে রাস্তায় যানযন্ত্রণা, অন্যদিকে লাল কালি, চাপে পরে বেহাল দশা অফিসযাত্রীদের।
এই পরিস্থিতিতে সরকারি কর্মীদের কিছুটা স্বস্তি দিল রাজ্য। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানালেন, গাড়ির সমস্যার কারণে যদি অফিস যেতে কারো দেরিও হয় তবে সরকারি কর্মীদের এটেনডেন্সে কোনও লাল কালির দাগ পড়বে না।
পূর্ব ঘোষণা অনুসারে সোমবার থেকে ৭০ শতাংশ কর্মী নিয়ে সরকারি অফিসের কাজ শুরু হয়েছে। নতুন নিয়মানুযায়ী প্রত্যেক সরকারি কর্মীকে সপ্তাহে ন্যূনতম ৩ দিন অফিসে উপস্থিত থাকতে হবে। কিন্তু সপ্তাহের তৃতীয় দিনে যা রাস্তার হাল তাতে কর্মীদের মাথায় বজ্রাঘাত।
বৃহস্পতিবার থেকে বেসরকারি বাস, মিনিবাস সবই রাস্তায় নামবে বলে সিদ্ধান্ত হয়েছে। ফলে বৃহস্পতিবার থেকে পরিস্থিতি খানিকটা সুবিধাজনক হবে বলে আশা করছেন সাধারণ মানুষ।
এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী আবারও আশ্বাস দেন রাস্তায় আরও সরকারি বাস নামানো হয়েছে। পাশাপাশি আরও বলেন যে, সরকারি বাসের চালক ও কন্ডাক্টরদের ক্ষেত্রে বিমারও ব্যবস্থা করছে সরকার।






