কিছুদিন ধরেই সময়টা ঠিক ভালো যাচ্ছিল না দীপিকার। সুশান্তের মৃত্যুর পর বলিউডের সঙ্গে মাদকযোগের ঘটনা সামনে আসতেই এই ঘটনায় নাম জড়িয়ে পড়ে তার। এরপর শুরু হয় এনসিবির জেরা। একের পর এক অভিযোগের আঙুল উঠতে থাকে তার দিকে। তবে সব বাধা কাটিয়ে ফের নিজেকে শক্ত করে উঠে দাঁড়িয়েছেন দীপিকা। ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন ‘পাঠান’-এর শুটিং-এর কাজ। দীপিকার ইনস্টাগ্রাম স্টোরিতেই মিলল তার ইঙ্গিত।

কয়েকদিন আগেই শাহরুখ খানকে দেখা গিয়েছিল যশরাজ স্টুডিয়োর সামনে ‘পাঠান’ ছবির লুকে। এই ছবিতে ফের একবার শাহরুখের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন দীপিকা। দীপিকার ইনস্টাগ্রাম স্টোরি থেকেই মিলল সেই ইঙ্গিত। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে হিন্দিতে এটি শব্দ লিখে পোস্ট করেছেন দীপিকা, শব্দটি হল, ‘শুভারম্ভ’, যার অর্থ হল শুভ সূচনা। এই পোস্ট দেখেই নেট জনতারা আন্দাজ করে নিয়েছেন যে অভিনেত্রী ‘পাঠান’ ছবির শুটিং শুরুর কথাই বলতে চাইছেন।

দীপিকার এই স্টোরি দেখে অনেকেই তাকে ছবির জন্য শুভেচ্ছা জানিয়েছেন। জানা গিয়েছে, এই ছবিতে ভিলেনের চরিত্রে দেখা যাবে জন আব্রাহামকেও। এই ছবির জন্য বেশ মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন দীপিকা, এও জানা গিয়েছে এক সূত্রের মাধ্যমেই। কিছুদিন আগে দীপিকাকে জড়িয়ে এতো বিতর্কের পর দর্শক তার ছবি কতটা ভালোভাবে গ্রহণ করবে, এখন সেটাই দেখার।
প্রসঙ্গত, বলিউডে দীপিকার প্রথম ছবি শাহরুখ খানের হাত ধরেই। প্রথম ছবি ‘ওম শান্তি ওম’ থেকেই দর্শকদের মনে জায়গা করে নেয় এই জুটি। এরপর একের পর হিট ছবি উপহার দিয়েছেন শাহরুখ-দীপিকার যুগলবন্দী। এবার ফের আর একবার এই জুটিকে বড় পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের অনুরাগীরা। এছাড়াও, স্বামী রণবীর সিং-এর সঙ্গে দীপিকাকে দেখা যাবে ‘৮৩’ ছবিতেও।





