পুজোর আগেই বড়োসড়ো বোম ফাটালেন ইন্ডাস্ট্রির দুই সুপারস্টার। দেবীপক্ষের সূচনার সঙ্গেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে নতুন ছবিতে কাজ করার কথা ঘোষণা করলেন দেব। প্রযোজক দেবের নতুন ছবি ‘কাছের মানুষ’ আসতে চলেছে। যেখানে একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেব। প্রথমবার কোনো ছবির কেন্দ্রবিন্দুতে শুধু এই দুজন তারকা। খবর শুনে শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
একই সঙ্গে একই স্ক্রিনে টলিউডের জনপ্রিয় এই দুই তারকাকে দেখার সৌভাগ্য ফের মিলতে চলেছে সকলের। এর আগে সৃজিত মুখোপাধ্যায়ের ‘জুলফিকার’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন দুই সুপারস্টার। কিন্তু সেটা ছিল মাল্টিস্টারার ছবি। শুধুমাত্র দেব আর প্রসেনজিৎকে ঘিরে ছিল না সেই ছবি। তবে এবার পরিচালক পথিকৃৎ বসুর কাছের মানুষের কেন্দ্রবিন্দু দেব এবং প্রসেনজিৎ। এর আগে ‘হরিপদ ব্যান্ডওয়ালা’, ‘টোটাল দাদাগিরি’ এবং ‘ফিদা’র মত ছবি পরিচালনা করেছেন তিনি।
View this post on Instagram
টলিপাড়ায় তরুণ পরিচালকদের মধ্যে অন্যতম একজন ব্যক্তিত্ব হলেন পথিকৃৎ বসু। এর আগে বুম্বাদা প্রযোজক দেবের ছবিতে কাজ করেছেন। কিন্তু সেটা নিছকই অতিথি শিল্পী হিসেবে। ‘ককপিট’ ছবিতে দেবের বাবার চরিত্রে দেখা গিয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। কিন্তু একসঙ্গে এই জুটির যাদু দেখবার সুযোগ হয়নি দর্শকদের। সেই আশাই এবার পূর্ণ হতে চলেছে।
মহালয়ার দিন সামনে এলো ছবির মোশন পোস্টার। যেখানে রেললাইনের দুধারে বসে থাকতে দেখা গেল দেব ও প্রসেনজিৎকে। দুজনকেই ঘিরে রয়েছে গভীর ভাবনা। উল্টো দিকে ছুটে আসছে ট্রেন। অথচ সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই দুজনের। এদিন এই পোস্টারটি সোশ্যাল মিডিয়ায় ছেড়েছেন অভিনেতা দেব। এই ছবিতে তাঁরা ছাড়াও রয়েছেন ইশা সাহা। ‘গোলন্দাজ’-এর নায়িকাকে দেখা যাবে ‘কাছের মানুষ’ ছবিতেও।
সমস্ত কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষের দিকেই শুধু হতে পারে এই ছবির শুটিং। আগামী বছর গরমে মুক্তি পাওয়ার পরিকল্পনা করছেন দেব। এই মুহূর্তে অভিনেতা দেবের ঝুলিতে রয়েছে একাধিক ছবি। তাঁর সঙ্গে প্রযোজক দেব হিসেবেও একগুচ্ছ ছবি রয়েছে তাঁর হাতে। পুজোয় পর্দায় মুক্তি পাচ্ছে দেব অভিনীত ‘গোলন্দাজ’ এবং দেব প্রযোজিত ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’। ক্রিসমাসে দেব অভিনীত ছবি ‘টনিক’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই ছবিরও যৌথ প্রযোজনার দায়িত্বে রয়েছে দেব।
অন্যদিকে ফেব্রুয়ারীতে মুক্তি পেতে পারে ‘কিশমিশ’। এর মাঝেই আবার ‘খেলাঘর’ ছবির শুটিংয়ের কাজে হাত দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। সব মিলিয়ে বেজায় ব্যস্ত অভিনেতা। এরইসঙ্গে আরও একটি নতুন ছবির ঘোষণা করে দিয়েছেন তিনি। যা নিয়ে এই মুহূর্তে সরগরম নেটপাড়া।






