কবিতা বা আঁকা নয়, পুজোর অ্যালবামের জন্য এবার গান গাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কখনও তিনি এঁকেছেন মা দুর্গার ছবি, কখনও বা আবার লিখেছেন কবিতা। গানের সুরও দিয়েছেন। শুধু মন্ত্রিত্ব পদই নয়, এর পাশাপাশি নিজের  শিল্পীসত্ত্বাকেও বাঁচিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পুজোয় ফের এক নতুন চমক দিচ্ছেন তিনি।

গতবছর পুজোর অ্যালবামের জন্য গানের দু’লাইন শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রীর কণ্ঠে। আর এবছর এবার একটা গোটা গানই গেয়ে ফেলছেন তিনি। পুজোর অ্যালবামেই শোনা যাবে তাঁর এই গান, এমনটাই খবর তৃণমূল সূত্রে।

আজ মহালয়া। আর আজই অর্থাৎ বুধবার নজরুল মঞ্চে তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’র উৎসব সংখ্যার উদ্বোধন রয়েছে। সেখানেই প্রকাশিত হতে চলেছে পুজোর গানের অ্যালবাম। এই অ্যালবামের আটটি গানই মুখ্যমন্ত্রীর লেখা। প্রত্যেক বছরই তিনি এই গানগুলি লেখেন ও সুর দেন। এবছরও এর অন্যথা হচ্ছে না।

সূত্রের খবর অনুযায়ী, প্রকাশিত হতে চলা এই ‘জননী’ অ্যালবামের একটি গান শোনা যাবে মুখ্যমন্ত্রীর গলায়। তবে সেটি কোন গান, তা এখনও জানা যায়নি। বিকেলে অ্যালবাম প্রকাশিত হওয়ার পরই বিষয়টি স্পষ্ট হবে।

গত ৩০ সেপ্টেম্বর ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ছিল। এর আগের রাতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন শিল্পী ইন্দ্রনীল সেনের বাড়ি। সেখানে ছিলেন শিল্পী নচিকেতাও। ঘরোয়া আড্ডায় খোশমেজাজে ছিলেন মুখ্যমন্ত্রী।

তৃণমূল সূত্রের খবর, সেদিন বেশ অনেক রাত পর্যন্ত গানের রেওয়াজ সারেন মমতা। প্রায় এক ঘণ্টা মতো গান নিয়ে আলোচনা এবং সুর বাঁধার কাজ হয় বলেও জানা গিয়েছে।

আর এবার সেই গানই মহালয়ার সন্ধ্যায় প্রকাশ হতে চলেছে বলে খবর। এই অ্যালবামের মূল থিম হল ‘নারীশক্তি’। সূত্রের খবর অনুযায়ী, সেই নারীর জয়ধ্বনিই এই গানের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।

RELATED Articles