১৪ অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে জিতের বহু প্রতীক্ষিত ছবি ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’। দীর্ঘ বিরতির পর এই ছবির হাত ধরে বড় পর্দায় ফিরছেন টলিউডের এই সুপারস্টার। অন্যদিকে একই দিনে দেবের ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ মুক্তি পাওয়ার কথা ছিল। শেষ মুহূর্তে দেব তাঁর ছবির মুক্তি পিছিয়ে দেওয়ায় আপাতত বড় পর্দায় দেব বনাম জিতের লড়াই দেখার সুযোগ পাচ্ছেন না দর্শকরা। তবে ছবি মুক্তির আগে জিতের একটি মন্তব্য ঘিরে নতুন করে শুরু হয়েছে চর্চা।
সম্প্রতি ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ ছবির প্রচারে গিয়ে দেবের প্রোমোশন পদ্ধতি নিয়ে কথা বলেন জিৎ। তিনি জানান, দেব যেভাবে ছবির প্রচার করেন এবং দর্শকদের কাছে পৌঁছনোর জন্য বিভিন্ন জায়গায় যান, সেই দিকটি যথেষ্ট শক্তিশালী। দেবের মার্কেটিং কৌশলের প্রশংসাও করেন তিনি। তবে একই সঙ্গে জিৎ স্পষ্ট করে দেন, নিজে ছবির প্রচারের ক্ষেত্রে সেই একই পদ্ধতি অনুসরণ করতে চান না। তাঁর মতে, প্রতিটি অভিনেতার কাজের ধরন এবং প্রচারের পদ্ধতি আলাদা হতে পারে।
আনন্দলোককে দেওয়া এক সাক্ষাৎকারে জিৎ বলেন, অন্যদের কাজ থেকে শেখার মতো অনেক কিছুই থাকে। দেবের মার্কেটিং এবং প্রোমোশন স্ট্র্যাটেজির প্রশংসা করে তিনি জানান, এই বিষয়ে দেব যথেষ্ট শক্তিশালী এবং প্রচারের ক্ষেত্রে অনেক বেশি সক্রিয়। তবে জিৎ বলেন, তাঁকে ছবির প্রচারের জন্য সব জায়গায় গিয়ে হাজির হতে হবে, এমনটা তিনি মনে করেন না। তাঁর কথায়, প্রয়োজন মনে না হলে তিনি নিজে এভাবে প্রচার করতে বিশ্বাসী নন। এই মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নানা ধরনের প্রতিক্রিয়া।
ভিডিয়োটির কমেন্ট সেকশনে জিতের মন্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেন একাংশের দেবভক্ত। একজন লেখেন, দেবের মতো পরিশ্রম করার ক্ষমতা সবার থাকে না এবং তাঁর প্রচারের ধরন দেখেই এখন গোটা ইন্ডাস্ট্রি ছবির প্রচারে আরও সক্রিয় হয়েছে। অন্য এক নেটিজেন জিতের আগামী ছবি নিয়ে কটাক্ষ করে লেখেন, এবার নাকি বাহুবলী, পুষ্পার রেকর্ডও ভেঙে ফেলবে। আবার কেউ জিতকে পরামর্শ দিয়ে বলেন, দীর্ঘ সময় পর পর ছবি মুক্তি পেলে দর্শকদের সঙ্গে যোগাযোগ ধরে রাখা কঠিন। ফলে জিতের মন্তব্যকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।
আরও পড়ুনঃ গুপী ও বাঘার অজানা ইতিহাস এবার বড় পর্দায়! সত্যজিৎ রায়ের জুতোয় পা গলিয়ে, ‘মহারাজা তোমারে সেলাম’-এর ঘোষণা সৃজিত মুখোপাধ্যায়ের! কালজয়ী ছবির সঙ্গে টেক্কা দিতে পারবে কি? গল্পের মূলে থাকছে কোন ঘটনা?
‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ ছবিতে ইতিহাসের আলোচিত চরিত্র অনন্ত সিংয়ের ভূমিকায় অভিনয় করেছেন জিৎ। ১৯৩০ সালে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম গুরুত্বপূর্ণ যোদ্ধা ছিলেন অনন্ত সিং। তাঁর জীবনের নানা ঘটনা ও বিতর্কের কারণে কেউ তাঁকে বিপ্লবী, আবার কেউ ডাকাত বলে মনে করতেন। ছবিতে জিৎকে দেখা যাবে মোট ৯টি ভিন্ন লুকে। পথিকৃৎ বসু পরিচালিত এই ছবিতে রয়েছেন টোটা রায়চৌধুরী, কৌশিক সেন, রজতাভ দত্ত এবং চন্দন সেনের মতো অভিনেতারাও। ১৪ অগস্ট ছবিটি মুক্তির পর দর্শকদের মধ্যে কতটা সাড়া ফেলে, এখন সেটাই দেখার।






