‘ফাঁদে পা দেবেন না’, দেবের নতুন ছবিতে অভিনয়ের সুযোগের নামে ভুয়ো পোস্ট, সতর্ক করলেন অভিনেতা

এরকম ঘটনা তো আজকালকার দিনে নতুন কিছু নয়। এমন ঘটনা ঘটেই চলেছে চারিদিকে। এই কারণে এবার এই বিষয়ে আগেভাগেই সতর্কতা অবলম্বন করলেন অভিনেতা। কাউকে এই মিথ্যে চক্রান্তে জড়াতে সাবধান করলেন।

কী ঘটেছিল?

আসলে চলতি বছরের পুজোর সময়ই মুক্তি পাবে রাহুল মুখার্জী পরিচালিত ছবি ’কিশমিশ’। এই ছবিতে ফের একসঙ্গে দেখা যাবে দেব-রুক্মিণীর হিট জুটিকে। দেবের প্রযোজনা সংস্থাই এই ছবি প্রযোজনায় রয়েছে।

আরও পড়ুন- ইউভান নয়, নিজের অন্য এক সন্তানকে জন্মদিনের মিষ্টি শুভেচ্ছা জানালেন শুভশ্রী

তবে বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় নানান ভুয়ো পেজ দেখা যাচ্ছে। তাতে দেব ও রুক্মিণীর নাম নিয়ে দাবী করা হচ্ছে যে এই ‘কিশমিশ’ ছবিতে অভিনয়ের জন্য কিছু সুন্দর অভিনেতা-অভিনেত্রী চাই। আর এরকম পোস্ট নজরে আসতেই পদক্ষেপ নিলেন অভিনেতা।

আজ দেবের প্রযোজনার সংস্থার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটি পোস্ট করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে এরকম একটি বিজ্ঞাপন আর এই বিজ্ঞাপন দেওয়া হয়েছে ‘Kolkata Acting and Modeling’ নামের একটি পেজ থেকে। এই বিজ্ঞাপনের ছবিই পোস্ট করে দেবের প্রযোজনা সংস্থার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট deventertainmentventures-এর পক্ষ থেকে জানানো হয়, “বিগত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় “কিশমিশ” সিনেমার কাস্টিং নিয়ে অনেকে পোস্ট করছেন, আমরা আপনাদের জানাতে চাই এরূপ পোস্টগুলি সম্পূর্ণ মিথ্যে এবং আপনারা কেউ এই মিথ্যে ফাঁদে পা দেবেন না”।

এই ধরণের ঘটনা এই নতুন নয়, এর আগেও বহুবার ভুয়ো নাম নিয়ে অভিনয়ের সুযোগ করে দেওয়ার নাম করে মানুষকে ঠকানো হয়েছে। আর্থিক প্রতারণার শিকার হয়েছেন বহু মানুষ। এই কারণেই আগেভাগেই এই ভুয়ো বিজ্ঞাপনের বিষয়ে সকলকে অবগত করিয়ে সাবধান করে দিলেন অভিনেতা।

বলে রাখি, দেবের এই নতুন ছবি ‘কিশমিশ’-এ দেব ও রুক্মিণী ছাড়াও দেখা যাবে অঞ্জনা বসু, খরাজ মুখোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়ের মতো স্বনামধন্য অভিনেতা-অভিনেত্রীদেরও।

RELATED Articles