৭৫তম স্বাধীনতা দিবসের পরিকল্পনা, অনুপ্রেরণা প্রধানমন্ত্রীই, জানালেন করণ

বলিউডের বাইরে তাকে নিয়ে বিতর্কের অন্ত নেই। স্বজনপোষণ থেকে শুরু করে মাদককাণ্ড, সব জায়াগাতেই বারবার একটাই নাম উঠে এসেছে, করণ জোহর। এরই মাঝে আগামী বছর ৭৫তম স্বাধীনতা দিবস পালনের পরিকল্পনার কথা জানিয়ে টুইট করলেন বলিউডের এই পরিচালক তথা প্রযোজক।

গান্ধী জয়ন্তীর দিন বলিউডের শিল্পী মহলের ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপনের পরিকল্পনা দেশবাসীকে জানিয়ে একটি টুইট করেন করণ। সেই টুইটে ট্যাগ করা হয়েছে রাজকুমার হিরানি, একতা কপূর, আনন্দ এল রাই, সাজিদ নাদিওয়ালা, রোহিত শেট্টি, ও দীনেশ বিজনকে। আগামী স্বাধীনতা দিবস উপলক্ষে এই পরিচালকের দল যে বীরত্ব, মূল্যবোধ ও ভারতের সংস্কৃতি নিয়েই অনুপ্রেরণামূলক কিছু আনতে চলেছেন, তা করণের টুইট থেকে স্পষ্ট। তবে তার এই উদ্যোগের অনুপ্রেরণা যে স্বয়ং প্রধানমন্ত্রী নরেদ্র মোদী, এও জানাতে ভোলেননি তিনি। এর পাশাপাশি প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জ্ঞাপন করেছেন করণ।

প্রসঙ্গত, বলিউডের সঙ্গে প্রধানমন্ত্রীর সম্পর্কের রসায়ন বেশ ভালো। একাধিকবার নরেন্দ্র মোদীর সঙ্গে একাধিক বলিউড তারকার ছবি সোশ্যাল মিডিয়াতে চোখে পড়ে। এমনকি, গত বছর অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি সাক্ষাৎকার বেশ ভাইরাল হয়েছিল।

এদিকে, গতকাল মহাত্মা গান্ধীর ১৫১তম জন্মবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন কাজল, দিশা পাটানি, কঙ্গনা রানাওয়াত, সিদ্ধার্থ মালহোত্রা, অর্জুন কপূর, করিনা কপূর-সহ অন্যান্য বলিউড তারকা। গত বছর পরিচালক রাজকুমার হিরানি গান্ধী জয়ন্তী উপলক্ষে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানিয়ে একটি বিশেষ ভিডিও বানিয়েছিলেন।

আরও অন্যান্য খবর