শুরুর দিন থেকেই দর্শকদের মন ছুঁয়ে গিয়েছেন হলদিয়া শহরের এক ছোট্ট মেয়ে রাসমনি। এরপর ধীরে ধীরে এগোতে থাকে তাঁর জীবন। বাবু রাজচন্দ্র দাসের সঙ্গে বিয়ে হয়ে তিনি এলেন জমিদার বাড়িতে। নিজের দক্ষতায় ও স্বভাবে হয়ে উঠলেন সকলের রানিমা। সেই রানিমা এখন বার্ধক্যে উপনীত। তবে থাকেননি তিনি। স্বামীর মৃত্যুর পর শক্ত হাতে এখন জামাই ও নাতিদের পাশে নিয়ে চালাচ্ছেন জমিদারী।
‘করুণাময়ী রানী রাসমনি’ ধারাবাহিকে যখন অভিনয় শুরু করেন দিতিপ্রিয়া, তখন তিনি বেশ ছোটো। সেই বয়সেই নিজের চরিত্রকে এত ভালো ফুটিয়ে তোলেন দিতিপ্রিয়া, যে তাকে বাদ দিয়ে এই ধারাবাহিক কল্পনার অতীত। বয়স ১৭ বছর, কিন্তু ৫৩ বছরের বয়স্কার চরিত্রে তিনি অনবদ্য।
বেশ ছোটো বয়স থেকেই অভিনয় জীবনে আসেন দিতিপ্রিয়া। তাই বিভিন্ন চরিত্রের ভাঁজ খুব ভালো রপ্ত করতে পারেন তিনি। টেলিভিশন ছাড়াও এর আগে বাংলা ছবিতেও দেখা গিয়েছে তাঁকে, তবে এবার তিনি পা রাখলেন বলিউডেও। তাঁর সাফল্যের মুকুটে যোগ হল এর একটি পালক।
জানা গিয়েছে, অভিষেক বচ্চনের বহু প্রতীক্ষিত ছবি ‘বব বিশ্বাস’-এ দেখা যাবে দিতিপ্রিয়াকে। এই ছবিতে অভিষেক বচ্চনের মেয়ের বান্ধবীর চরিত্রে দেখা যাবে তাঁকে। ছবিটির পরিচালনায় রয়েছেন সুজয় ঘোষ ও প্রযোজনা করছেন গৌরী খান। সুজয় ঘোষের সুপারহিট ছবি ‘কাহানি’ অন্যতম বিখ্যাত চরিত্র বব বিশ্বাসকে নিয়েই তৈরি হয়েছে এই ছবির প্রেক্ষাপট।
উল্লেখ্য, খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘অপরাজিত’ উপন্যাসের শেষভাগ নিয়ে তৈরি শুভ্রজিৎ মিত্রের ছবি ‘অভিযাত্রিক’। এই ছবিতে অপুর চরিত্রে অভিনয় করছেন অর্জুন চক্রবর্তী ও অপর্নার চরিত্রে দেখা যাবে দিতিপ্রিয়াকে। সত্যজিৎ রায় অপুর ট্রিলজি শেষ করেছিলেন ১৯৫৯-এ ‘অপুর সংসার’ দিয়ে। ঠিক সেখান থেকেই শুরু হবে ‘অভিযাত্রিক’। প্রায় ষাট বছর পরে এই ছবির হাত ধরেই বাঙালীর নস্টালজিক চরিত্র অপু ফিরবে পর্দায়। সম্প্রতি, ‘ইন্ডিয়ান প্যানোরামা ২০২০’-তে জায়গা পেল ‘অভিযাত্রিক’। দিতিপ্রিয়াকে অপর্নার চরিত্রে কেমন মানায়, তা দেখার জন্যও উৎসুক দর্শক।





