একুশের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বঙ্গ শাসক দল তৃণমূলের তরফে চালু করা ‘দুয়ারে সরকার’ ব্যাপক সাড়া ফেলেছে বাংলা জুড়ে। সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছে এর অন্তর্ভুক্ত স্বাস্থ্য সাথী প্রকল্প।
পশ্চিমবঙ্গ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ১০ কোটি মানুষকে তাঁরা এই স্বাস্থ্য সাথী কার্ড দেবে।আর এবার জানা যাচ্ছে, শুধু আমজনতাই নন রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং এবার স্বাস্থ্য সাথী কার্ড নিচ্ছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বেতন নেন না। গ্রহণ করেন না সাংসদের এক লক্ষ টাকা পেনশনও। তবে বেতন কিংবা পেনশন না নিলেও নিজের নামে স্বাস্থ্য সাথী কার্ড করালেন তিনি। শোনা যাচ্ছে এমনটাই।
আগামিকাল হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে সেই ক্যাম্প থেকেই নিজের নামে স্বাস্থ্য সাথী কার্ডটি তুলবেন তৃণমূলের সর্বেসর্বা।
ব্যক্তিগতভাবে তাঁর স্বাস্থ্য বিমা রয়েছে। তা থাকলেও ১০ কোটি মানুষের ‘সাথী’ হওয়ার লক্ষ্যেই স্বাস্থ্য সাথী কার্ড করিয়েছেন তিনি।





