দেখতে দেখতে ১১ দিন হয়ে গিয়েছে সুশান্ত সিং রাজপুত এই পৃথিবীতে আর নেই। কিন্তু যে ঝড়টা তিনি গোটা দেশে তুলে দিয়ে গিয়েছেন তাতে বেসামাল বলিউডের তাবড় তাবড় সেলিব্রিটিরা। সেই তালিকায় প্রথমেই নামটা রয়েছে করণ জোহরের।
করণ জোহারের নেপোটিজম এর শিকার সুশান্ত সিং রাজপুত। এই অভিযোগে তোলপাড় গোটা সোশ্যাল মিডিয়া। তাই ‘কফি উইথ করণ’ এর নতুন সিজন এখনই আনতে চাইছেন না সংশ্লিষ্ট চ্যানেল কর্তৃপক্ষ।সুশান্তের বহু অনুরাগী ‘কফি উইথ করণ’ নিষিদ্ধ করার দাবি তুলেছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই শোয়ের সিজন ৭ আনা মানে নিজের পায়ে নিজে কুড়ুল মারা। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে কোনোরকম ঝুঁকিই নিতে চাইছেন না চ্যানেল কর্তৃপক্ষ।
সুশান্ত-এর চলে যাওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে ‘কফি উইথ করণ’ এ সোনম কাপুর ও আলিয়া ভাটের একটি এপিসোডের কিছু ক্লিপিংস। যেখানে সুশান্ত সম্বন্ধে কিছু বিরূপ মন্তব্য করেছেন এই দুই অভিনেত্রী বলে উঠছে অভিযোগ।
করণের বিরুদ্ধে এটা বরাবরই অভিযোগ যে তিনি স্টারকিডদেরই লঞ্চ করেন। এর ফলে প্রতিভা থাকা সত্ত্বেও বলিউডে জায়গা পান না বাইরে থেকে লড়াই করে আসা প্রতিভাবান মানুষজন। একারণেই করণ জোহরের প্রতি ক্ষিপ্ত মানুষজন তাঁর প্রযোজনা সংস্থা ও তারকা সন্তানদের ছবি বয়কটের ডাকও দিয়েছেন। আর এই দেখেই ‘কফি উইথ করণ’ সিজন ৭ নিয়ে আসতে ইচ্ছুক নয় চ্যানেল কর্তৃপক্ষ। যদিও এবিষয়ে এখনও পর্যন্ত চ্যানেল কর্তৃপক্ষের তরফে কোনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
যদিও পরে পরিস্থিতি স্বাভাবিক হলে এই শোয়ে বলিউডের খুব বেশি তারকা যে অংশ নিতে চাইবেন না একথা বলাই বাহুল্য।





