বাঙালিদের কাছে ফেলুদা শুধুই সিনেমা নয়, এই নামটি গোটাটাই একটি আবেগ। সম্পূর্ণ কাল্পনিক হলেও কবে যে এই চরিত্র বাঙালির ঘরে ঘরে ঢুকে পড়েছে তার হিসেব নেই। পরিচালক সন্দীপ রায়ের হাত ধরে ফেলুদার ফিরে আসার কথা শুনে খুশির আমেজ ফেলুদাপ্রেমীদের মধ্যে। “হত্যাপুরীর” মধ্য দিয়েই হতে চলেছে নতুন রহস্যভেদ। কিন্তু কে হবেন ফেলুদা?
রবিবার প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের তরফে প্রকাশিত হয়েছে তাদের আগামী ৮টি ছবির নাম। সেখানেই অন্তর্ভুক্ত রয়েছে হত্যাপুরী। আর রবিবার সকালেতই অনুরাগীদের চমকে দিয়েছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। “হত্যাপুরী” সিনেমার একটি পোস্টার তিনি শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়ায়। মুক্তির তারিখ উল্লেখ করে দিয়েছেন অনির্বাণ। সেইসঙ্গে লেখেন “ফ্যাসিনেটিং”। এই শব্দের বাংলা অর্থ চিত্তাকর্ষক। আর তারপরেই কমেন্ট বক্স জুড়ে একটাই প্রশ্ন যে তিনিই কি হচ্ছেন ফেলুদা? যদিও প্রথমে শোনা গিয়েছিলো ফেলুদা চরিত্রে আসছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। এদিকে আবার সিনেমার পোস্টার মুক্তি পেলেও সেখানে কোনও অভিনেতার মুখ নেই। ফেলুদা হিসেবে সেখানে রয়েছে সত্যজিৎ রায়ের হাতে আঁকা কিংবদন্তি ছবি। তাই এই প্রশ্ন ওঠা স্বাভাবিক। কিন্তু অনুরাগীদের এই প্রশ্নে রহস্য জিইয়ে রেখে দিলেন নায়ক। উত্তর দেননি অনির্বাণ ভট্টাচার্য। গত বছরের শেষের দিকে সংবাদ মাধ্যমকে পরিচালক সন্দীপ রায় জানিয়েছিলেন ফেলুদা হিসেবে কাকে বাছবেন তা এখনই প্রকাশ করতে চান না তিনি। বরং সেই উত্তরটা তিনি দর্শকদের কাছ থেকে পেতে চান।
এদিকে ছবির পোস্টার রিলিজ হতেই তা শেয়ার করেছেন অনির্বাণ। আর এর থেকেই দর্শক কিছুটা দুইয়ে দুইয়ে মিলিয়ে চার করতে পারছে। তবে সেই দোটানা রয়েই গেল। ব্যোমকেশই কি আগামী ফেলুদা? এর মীমাংসা করতে আগামী বছরের ২৩ ডিসেম্বর অবধি অপেক্ষা করতেই হচ্ছে ফেলুদা প্রেমীদের।






